ময়মনসিংহ, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহকে বিভাগ ঘোষণাসহ ১০ দফা দাবিতে জেলা শহরে কর্মবিরতি ও রাজপথে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
জেলা নাগরিক আন্দোলনের ডাকে ‘যে যেখানে আছি ভাই, ময়মনসিংহ বিভাগ চাই’ শ্লোগান নিয়ে রোববার দুপুর ১২টা থেকে ২০ মিনিট এ কর্মসূচি চলে।
এ সময় শহরের রাস্তায় যানবহন চলাচল বন্ধ থাকে। ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালিত হয়। রাজপথে চলে অবস্থান।
জেলা নাগরিক আন্দোলনের নেতৃবৃন্দের উপস্থিতিতে শহরের গাঙিনারপাড়, ট্রাফিকমোড়, চরপাড়ামোড়, টাউনহলমোড়, পাটগুদাম ব্রিজের মোড়, কাঁচিঝুলিরমোড়, জেলা পরিষদের সামনের সড়ক, সৈয়দ নজরুল ইসলাম কলেজের সামেনর সড়ক, স্টেশনরোড, জিলাস্কুল মোড়, কালিবাড়ি, জুবলিঘাট, শম্ভুগঞ্জ চৌরাস্তা, শিকারিকান্দা ও আমলীতলাসহ ২০টি স্থানে অবস্থান করে লোকজন।
কর্মসসূচি চলাকালে বক্তব্য দেন জেলা নাগরিক আন্দোলনের সভাপতি আনিসুর রহমান খান, সাধারণ সম্পাদক নুরুল আমিন কালাম, সদর উপজেলা চেয়ারম্যান ফয়জুর রহমান ফকির, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, অধ্যাপক ইউসুফ খান পাঠান, অ্যাডভোকেট সাদিক হোসেন, অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, অ্যাডভোকেট শিব্বির আহমদ লিটন, খন্দকার শরীফ উদ্দিন প্রমুখ।
বক্তারা অবিলম্বে ময়মনসিংহ বিভাগ বাস্তাবায়ন, শিক্ষাবোর্ড স্থাপন, ময়মনসিংহ পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণা, ব্রহ্মপুত্র নদ পুনর্খনন, আনন্দমোহন কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ, ঢাকা-ময়মনসিংহ-বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ডাবল ও ব্রডগেজ রেললাইন স্থাপনসহ ১০ দফা দাবি মেনে নেয়ার জন্য আহবান জানান।
এছাড়া আগামী ১১ নভেম্বর সব উপজেলায় প্রধানমন্ত্রী বরাবর এবং ১৪ নভেম্বর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়ার কর্মসূচি ঘোষণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৮৪০ ঘ.
bdnews24