ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ওসমানী উদ্যানে মাটিচাপা থেকে যে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে তাকে হত্যার অভিযোগ এনে তার বাবার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
শনিবার দুপুরে শাহবাগ থানায় নিহত শিশুর মা শান্তা আক্তার বাদি হয়ে এ মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান থানার ওসি সিরাজুল ইসলাম।
এর আগে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে শিশুটিকে সনাক্ত করেন মা শান্তা আক্তার। শিশুটির নাম মো. আহাদ (৩) বলে তিনি সাংবাদিকদের জানান।
শুক্রবার সকাল ৯টার দিকে পথশিশুরা রাজধানীর ওসমানী উদ্যানের কামানের পিছনের অংশের মাটি থেকে দুটি হাত বেরিয়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে মাটি খুঁড়ে আহাদের লাশ উদ্ধার করা হয়।
শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ মাটিতে পুঁতে রাখা হয় বলে পুলিশ ধারণা করছে।
শান্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহাদের বাবা জনির সঙ্গে বনিবনা না হওয়ায় ছেলেকে নিয়ে তিনি বংশালের সুরিটোলায় আলাদা বাসায় থাকতেন। জনির বাসাও একই এলাকায়।
তিনি আরো জানান, বৃহস্পতিবার বিকালে ছেলেকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে জনি সুরিটোলার বাসা থেকে আহাদকে নিয়ে বের হন। পরে আহাদকে নিয়ে তিনি আর বাসায় ফেরেননি।
প্রায়শ বেড়ানোর কথা বলে জনি তার শিশু সন্তানকে নিয়ে বের হতো বলেও জানান শান্তা।
তবে আহাদকে কেন তার বাবা হত্যা করেছে সে বিষয়ে শান্তা কিছু বলতে পারেননি।
ওসি সিরাজুল ইসলাম জানান, জনিসহ সাত জনকে আসামি করে এ হত্যা মামলা হয়েছে। অন্য আসামিরা সবাই জনির পরিবারের সদস্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/এইচএ/২১৪৭ ঘ.
bdnews24