২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতা চাইলে ভোটে আসেন: প্রধানমন্ত্রী

ভোট ছাড়া যারা ক্ষমতা চায় তাদের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়ে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2012, 10:21 AM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোট ছাড়া যারা ক্ষমতা চায় তাদের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতন্ত্র ধ্বংস করে কারো খায়েশ পূরণ করতে দেয়া হবে না। শনিবার দুপুরে গণভবনে দিনাজপুরের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, “অনেকের খায়েশ আছে- গাড়িতে পতাকা টাঙাবেন। তাদেরকে বলবো রাজনীতিতে আসেন। ভোটের মাধ্যমে খায়েশ পূরণ করতে পারেন। তবে কারো খায়েশ পূরণ করতে গিয়ে গণতন্ত্র যেন ধ্বংস না হয় সেজন্য সকলকে সজাগ থাকতে হবে।” গেল সপ্তাহে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে ব্যারিস্টার রফিক-উল হক জানিয়েছিলেন, আমন্ত্রণ পেলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে তার কোনো আপত্তি নেই। ওই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই রফিকের বিষয়ে আপত্তি নেই বলে ঘোষণা দেয় বিএনপি। তবে আদালতের রায়ে পঞ্চদশ সংশোধনীর কারণে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত হওয়ার সে সুযোগ আর নেই বলে জানায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর ওই বক্তব্যের প্রতিক্রিয়া দেখান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ব্যারিস্টার রফিক টেলিভিশনে এক টক শো’তে বলেন, এখন আর তত্ত্বাবধায়ক সরকার প্রধান হতে তিনি রাজি নন। বর্তমান সরকারের সময় জাতীয় সংসদের উপ-নির্বাচন থেকে শুরু হরে স্থানীয় সরকার পর্যায়ের পাঁচ হাজারেরও বেশি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের সরকারের সময়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে এবং আগামীতেও হবে।” মতবিনিময় সভায় সাম্প্রদায়িক সম্প্রীতির ওপরও গুরুত্বারোপ করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, “সকলে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে।” যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রমে বাধা সৃষ্টির জন্য বিরোধীদলের সমালোচনা করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “আমরা যুদ্ধাপরাধীদের বিচার করবো- এটা তাদের পছন্দ না। তারা যুদ্ধাপরাধীদের গাড়িতে লাখো শহীদের রক্তে অর্জিত জাতীয় পতাকা দিয়েছিল। এখন বিএনপি’র খারাপ লাগবে- এটাই তো স্বাভাবিক। তারা বিভিন্ন কলাকৌশল করবে। এজন্য জনগণকে সজাগ থাকতে হবে।” বিএনপি ক্ষমতায় থাকতে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “আমরা সরকারে এসে জনগণের কল্যাণমুখী অনেক কাজ করেছি। এখন আর কেউ ভাত চায় না। এখন সকলে বিদ্যুৎ চায়, রাস্তা চায়।” অনুষ্ঠানে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/১৬১৫ ঘ.