ভোলা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইলিশ ধরার সময় আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়ায় পালাতে গিয়ে ভোলায় পানিতে ডুবে এক জেলের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। একই ঘটনায় আরেক জেলে নিখোঁজ রয়েছেন।
শুক্রবার দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলায় সবুজের (১৯) লাশ পাওয়া যায়।
নিখোঁজ জেলে হলেন মো. আনোয়ার (২৫)।
এদিকে, দক্ষিণ আইচা থানার ওসি রেজাউল করিম এক জেলের লাশ উদ্ধারের কথা নিশ্চিত করলেও এর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত করতে পারেননি।
ওসি বলেন, নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ ধরা ঠেকাতে বৃহস্পতিবার রাতে পুলিশ, কোস্টগার্ড, মৎস্য বিভাগ ও ভ্রাম্যমাণ আদালতের বেশ কয়েকটি টিম মেঘনা ও তেঁতুলিয়ায় অভিযানে নামে।
পুলিশ শুক্রবার দুপুরে তেঁতুলিয়া নদী থেকে সবুজের লাশ উদ্ধার করেছে, বলেন তিনি।
মৎস ব্যবসায়ী হারুন মাঝি অভিযোগ করেন, পুলিশের ধাওয়া খেয়ে মাছ শিকার অবস্থায় জেলে আনোয়ার ও সবুজ নদীতে ঝাঁপ দেন। সবুজের লাশ পাওয়া গেলেও আনোয়ারের খোঁজ মেলেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২০১৯ ঘ.
bdnews24