২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুরসত নেই চট্টগ্রামের প্রতীমা শিল্পীদের

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজার বাকি আর ১৫ দিন। এরই মধ্যে ফুটিয়ে তুলতে হবে দুর্গার অবয়ব। তাই ফুরসত নেই চট্টগ্রামের কারিগরদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2012, 02:05 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

উত্তম সেন গুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজার বাকি আর ১৫ দিন। এরই মধ্যে ফুটিয়ে তুলতে হবে দুর্গার অবয়ব। তাই ফুরসত নেই চট্টগ্রামের কারিগরদের। আগামী ২০ অক্টোবর দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হবে এবারের দুর্গোৎসব। এই পূজাকে সামনে রেখে চট্টগ্রাম নগরীর প্রতিমা কারিগররা ব্যস্ত শেষ সময়ের কাজে। প্রতীমার গড়নে শেষ ছোয়া, দুর্গার চোখ ফোটানো ও রঙের কাজ নিয়ে ব্যস্ত সময় কেটে যাচ্ছে। বন্দরনগরীর সদরঘাট কালীবাড়ী ও দেওয়ানজী পুকুর পাড়ে গিয়ে দেখা যায় প্রতীমা নিয়ে ব্যস্ত কারিগররা। কথা বলারও সময় নেই তাদের। প্রতীমা গড়তে গড়তেই জানালেন, সকাল ৭টায় কাজ শুরু করেন। রাত ২টায় ঘুমাতে যান। পরদিন সকালে আবার একই সময়ে প্রতীমা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তারা। সদরঘাট কালীবাড়িতে প্রতীমা তৈরির কাজ দেখভাল করছিলেন দুলাল পাল। বয়সের কারণে এখন আর তিনি কাজ করতে পারেন না। এখন তার কারখানা চলে তার মেঝ ছেলে সুজন পালের তত্ত্বাবধানে। তার অন্য দুই ছেলে সুশান্ত ও সুকান্তসহ কারখানায় কাজ করেন আরও আট জন শ্রমিক। দুলাল পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বছর তার কারখানায় ৩৬টি প্রতীমা তৈরি করা হচ্ছে। এখন চলছে প্রতীমা তৈরির শেষ মুহুর্তের কাজ। এই কারখানায়ই প্রতীমা গড়ার কাজ করেন অখিল, মনোরঞ্জন, তারক ও সুশান্ত। জানালেন, এখন কাজের খুব চাপ। পরিবারকে সময় দেওয়ার মতো ফুরসতও নেই। নগরীর দেওয়ানজী পুকুর পাড়ের রাধাশ্যাম পালের ‘রূপশ্রী’ কারখানায় কাজ চলছিল তার ছেলে রতন পালের তত্ত্বাবধানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রতন জানান, এ বছর তিনি ৩৩টি প্রতীমা তৈরি করছেন। সেগুলোর মধ্যে ২০টি তার কারখানায় এবং বাকিগুলো বিভিন্ন পূজামণ্ডপে তৈরি করা হচ্ছে। চট্টগ্রামের বড় বড় পূজা মণ্ডপের প্রতীমাগুলো তাদের হাতে গড়া জানিয়ে রতন বলেন, “চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মত বড় পূজা মণ্ডপগুলোর জন্য প্রতীমা তৈরি করছি।” এ প্রতীমাকে সাজিয়ে তুলতে এখন ভীষণ ব্যস্ততা যাচ্ছে বলে জানান তিনি। বর্তমানে নতুনত্ব আনতে গিয়ে অনেক প্রতীমা মূল আদল থেকে সরে যাচ্ছে বলে মন্তব্য করেন এই কারিগর। “এ ধরনের প্রতীমা তৈরি করতে ইচ্ছে হয় না। তারপরও মানুষ চায়।” এ সময় প্রতীমা শিল্পীদের বিভিন্ন সমস্যাও তুলে ধরেন রতন। তিনি বলেন, এ শিল্পের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হল স্থান। সব স্থানে প্রতীমা তৈরি করা যায় না। অথচ চট্টগ্রামে প্রতীমা তৈরির কোনো স্থায়ী জায়গা নেই। “এ বছর যেখানে প্রতীমা তৈরি করা হচ্ছে, আগামী বছর সেখানে প্রতীমা তৈরি করা যাবে কি না তা নিয়েও সংশয় রয়েছে।” এ শিল্পকে বাঁচিয়ে রাখতে স্থায়ী জায়গার দরকার বলে দাবি করেন তিনি। এছাড়া প্রতীমা তৈরির মাটি পেতেও তাদের সমস্যা হয় বলে জানান রতন পাল। প্রায় ৫০ বছর আগে শরীয়তপুর ও ফরিদপুর থেকে চট্টগ্রামে যান প্রতীমা তৈরির কারিগররা। বংশ পরম্পরায় প্রতীমা গড়ার কাজ করে আসছেন তারা। মতিলাল পাল, হরিনারায়ণ পাল, রাধাশ্যাম পাল, বনমালি পালের হাত ধরে এখন অনেকেই এ পেশায় যুক্ত হয়েছেন। কয়েক মাস আগে চট্টগ্রাম মহানগর মৃৎশিল্প মালিক সমিতি নামে এ শিল্পীদের একটি সমিতি হয়। বর্তমানে এই সমিতির আওতায় ১৬টি কারখানা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এএইচ/এসইউ/১৯৫৮ ঘ.