২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা

চলতি মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2012, 12:57 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চলতি মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘ মেয়াদী পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অক্টোবর মাসের প্রথমার্ধের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে। এ মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া মাসের শেষের দিকে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমবে। তিন নম্বর সতর্কতা ঝড়ো হাওয়ার শঙ্কায় সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউ/১৮৪৮ ঘ.