কুষ্টিয়া, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা ১৭ ঘণ্টার বৃষ্টিতে কুষ্টিয়া শহরের বেশিরভাগ সড়ক পানিতে তলিয়ে গেছে।
বুধবার রাত ১২টা থেকে শুরু হয়ে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত অবিরাম বৃষ্টি হয়েছে। এদিন দুপুর ১টা পর্যন্ত ২০৮ দশমিক ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, চলতি বছরে এবারই সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে।
বৃষ্টিতে কুষ্টিয়া জেলা প্রশাসন ভবনসহ শহরের এনএস রোড, সরকারী কলেজ, মডেল থানা, আদালতপাড়া, কালী শংকরপুর, পেয়ারাতলা, জেলখানা, হাসপাতাল রোড, পূর্ব মজমপুর, পশ্চিম মজমপুর, কাটাইখান মোড় ও ছয় রাস্তার মোড়সহ বিভিন্ন এলাকা প্রায় এক ফুট আবার কোথাও কোথাও দেড়-দুই ফুট পানির নীচে তলিয়ে গেছে।
শহরের প্রায় সব অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে পানি ঢুকে যাওয়ায় শিক্ষার্থীরা ক্লাসে যেতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএস/এএইচ/১৭৩১ ঘ.
bdnews24