ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা ও ইংরেজিতে অনূদিত ফরাসি সাহিত্য এবং নানা বিষয়ে প্রকাশিত সমকালীন বই নিয়ে রাজধানীতে এক মেলার আয়োজন করেছে ঢাকার আঁলিয়স ফ্রঁসেজ এবং বই আমদানিকারক ও প্রকাশক সংস্থা ‘চর্চা’।
আঁলিয়স ফ্রঁসেজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানটির ঢাকা কেন্দ্রের পরিচালক অলিভিয়ে লিতভিন বৃহস্পতিবার বিকাল ৪টায় এ বই মেলার উদ্বোধন করবেন।
এছাড়া চর্চার পরিচালক সাব্বির বিন শামস এবং এ আয়োজনের মিডিয়া পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নির্বাহী সম্পাদক আফসান চৌধুরী ও আর্টস ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমের সম্পাদক কবি নুরুল হুদাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
৪ থেকে ৬ অক্টোবর আঁলিয়স ফ্রঁসেজের ধানমন্ডি শাখায় এবং ১১ থেকে ১৩ অক্টোবর গুলশান শাখায় এ বই মেলা চলবে।
দুই পর্বেই বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ১০টা থেকে রাত ৮টা মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
বিখ্যাত ফরাসি সাহিত্যিকদের লেখার বাংলা অনুবাদ ছাড়াও সাহিত্য ও কলা, সমসাময়িক সাহিত্য, শিশু সাহিত্য, সামাজিক বিজ্ঞান, ইতিহাস, অর্থনীতি, রাজনীতি নিয়ে বিভিন্ন বাংলা ও ইংরেজি বই মেলায় থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১১৫০ ঘ.
bdnews24