২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি সচিবদের সঙ্গে নানকের বৈঠক বৃহস্পতিবার

চাকরি জাতীয়করণ এবং দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদার দাবিতে আন্দোলনের ঘোষণা দেওয়ার পর ইউনিয়ন পরিষদ সচিবদের সঙ্গে বৈঠকে বসছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2012, 02:03 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরি জাতীয়করণ এবং দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদার দাবিতে আন্দোলনের ঘোষণা দেওয়ার পর ইউনিয়ন পরিষদ সচিবদের সঙ্গে বৈঠকে বসছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। আগামীকাল বৃহস্পতিবার এ বিষয়ে আলোচনার জন্য সচিব সমিতির নেতাদের নিয়ে বৈঠক ডেকেছেন প্রতিমন্ত্রী। ইউপি সচিব সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ জানিয়েছেন, আলোচনার জন্য প্রতিমন্ত্রীর দপ্তর থেকে বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠেয় সভায় যোগ দিতে তাদের নেতাদের চিঠি দেওয়া হয়েছে। সমিতির নেতারা প্রতিমন্ত্রীর ডাকা ওই সভায় যোগ দিয়ে তাদের বক্তব্য ও অবস্থান তুলে ধরবেন। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ সচিবরা তাদের চাকরি জাতীয়করণ ও দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদার দাবিতে গত ২ জানুয়ারি ও ২৩ জুলাই দুটি স্মারকলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় এ বিষয়ে আলোচনা করে ব্যবস্থা নিতে দু’বারই স্থানীয় সরকার বিভাগ সচিবকে নির্দেশ দেয়। কিন্তু গত সাত মাসেও এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে বিক্ষুব্ধ হয়ে দেশের চার হাজার ৫৪৫টি ইউনিয়ন পরিষদের সচিবরা আন্দোলনে যাওয়ার হুমকি দেন। আন্দোলনের হুমকির মুখে প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ইউপি সচিব সমিতির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এ বিষয়ে আলোচনার ঘোষণা দেন। ওই ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার তিনি বৈঠক ডাকেন। সমিতির সাধারণ সম্পাদক আরো বলেন, “দীর্ঘদিন ধরে চাকরি জাতীয়করণ ও দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদার দাবিতে কর্মসূচি পালন করে আসছি। বৃহস্পতিবারের বৈঠকে দাবি না মানা হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো।” বৈঠকে অংশ নিতে প্রতিমন্ত্রীর দপ্তর থেকে সভাপতি সোহেলুর রহমান ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ সমিতির ১৪ নেতাকে ডাকা হয়েছে। ইউনিয়ন পরিষদের সচিবরা বর্তমানে আধা-সরকারি চাকরিতে নিয়োজিত। তাদের চাকরি স্থায়ী হলেও সরকার থেকে তারা কোনো বেতন পাননা। তাদের বেতন হয় স্থানীয় পর্যায়ের আয় থেকে জেলা প্রশাসকের দপ্তরের মাধ্যমে। পদবিতে কর্মকর্তা হলেও তারা তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২০০০ ঘ.