২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সাবেক সাংসদ মোহাম্মদ আলী মারা গেছেন

সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী বুধবার বিকালে মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৭৫ বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2012, 12:58 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী বুধবার বিকালে মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ ও হৃদরোগে ভুগছিলেন। দলের সহ প্রচার সম্পাদক সৈয়দ এমরাহ সালেহ প্রিন্স বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ময়মনসিংহ থেকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে নেওয়ার পথে বিকাল ৩ টায় মোহাম্মদ আলীর মৃত্যু হয়। তিনি আরো বলেন, বুধবার ভোররাতে নেত্রকোনার পূর্বধলার বাসায় অসুস্থবোধ করলে মোহাম্মদ আলীকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসকরা তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। দলের দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী জানান, বৃহস্পতিবার বাদ জোহর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এছাড়া সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। শুক্রবার পূর্বধলার জগৎমনি উচ্চ বিদ্যালয় মাঠে বাদ জুমা নামাজে জানাজা শেষে পূর্বধলা উপজেলার বাড়হা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মোহাম্মদ আলীর মরদেহ ঢাকার অ্যাপোলো হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রয়াত মোহাম্মদ আলী নেত্রকোনা জেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন। ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে তিনি বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হন। মত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও বন্ধুবান্ধব রেখে গেছেন। দুই ছেলে ও এক মেয়ে লন্ডন থেকে দেশে ফেরার পর তাকে পূর্বধলার গ্রামের বাড়িতে দাফন করা হবে বলে জানান কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া মোহাম্মদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি প্রয়াত সাংসদের আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। মোহাম্মদ আলীর মৃত্যুতে নেত্রকোনা জেলা ও পূর্বধলা উপজেলা বিএনপি নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এছাড়া দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স পৃথকভাবে শোক প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৮৫১ ঘ.