কক্সবাজার, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী নাসাকার মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে।
মঙ্গলবার দুপুর আড়াইটায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বিজিবির বিওপি ক্যাম্পে এ বৈঠক হয়।
বিজিবি কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান সাংবাদিকদের বলেন, বাংলাদেশ-মিয়ানমারের ২১৭ কিলোমিটার সীমান্তের মধ্যে ১৭ ব্যাটালিয়নের আওতাধীন এলাকা দিয়ে কোনো অবৈধ পণ্য না আসতে পারার ব্যাপারে দু’পক্ষ সচেষ্ট থাকবে বলে বলা হয় বৈঠকে।
“এছাড়া অবৈধভাবে মিয়ানমারের নাগরিক বাংলাদেশে প্রবেশের সময় আটক করে নাসাকার কাছে হস্তান্তরের বিষয়টি নিয়েও আলোচনা হয়,” বলেন বিজিবি কর্মকর্তা।
এছাড়া সভায় সীমান্ত সংক্রান্ত সাধারণ সমস্যাগুলি সমাধানের জন্য প্রতিমাসে একবার সৌজন্য সাক্ষাতের ব্যাপারে দুই বাহিনী একমত হয়েছে বলেও জানান তিনি।
বৈঠকে খালেকুজ্জামানের নেতৃত্বে ১১ সদস্য এবং নাসাকার ৩ নম্বর সেক্টরের ডেপুটি ডিরেক্টর ওয়ান্না জ. এর নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধিদল অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৪৫ ঘ.
bdnews24