২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় দিনে-দুপুরে ডাকাতি, আটক ১

চুয়াডাঙ্গা শহরের সিনেমাহল পাড়ায় দিনের বেলায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 08:55 AM

Updated : 24 Aug 2022, 12:15 PM

চুয়াডাঙ্গা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গা শহরের সিনেমাহল পাড়ায় দিনের বেলায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে বাড়ির গৃহবধূ রোজিকে আহত করে ১০ ভরি সোনার গহনা, নগদ ৫০ হাজার টাকা ও একটি মোবাইলফোন নিয়ে যায় ডাকাতরা। পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী সুমন নামের এক ডাকাতকে হাতে-নাতে ধরে পুলিশে দিয়েছে। সুমন (২২) ঝিনাইদহ জেলার পুলিশ লাইন এলাকার অশোক কুমারের ছেলে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি এরশাদুল কবির চৌধুরী জানান, বেলা ১২টার দিকে চার যুবক হাজী জালাল উদ্দিনের দোতলা বাড়ির একটি কক্ষের তালা ভেঙে ভেতরে ঢোকে। সে সময় জালাল উদ্দিনের স্ত্রী রোজি খাতুন তৃতীয় তলায় রান্না করছিলেন। তিনি দোতলায় নেমে ঘরে ভিতর এক যুবককে দেখে চিৎকার করলে ওই যুবক তার মাথায় লোহার রেঞ্জ দিয়ে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। গৃহবধূর চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে এসে ওই যুবককে আটক করে। “আটক যুবক সুমন পুলিশকে জানিয়েছে, তারা চারজন ছিল।” তবে সুমন ধরা পড়ার আগেই অন্যরা পালিয়ে যায়। পালিয়ে যাওয়া ডাকাতদের ধরার জন্য পুলিশ অভিযান চলছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এমএইচপি/১৪৪৯ ঘ.