সাতক্ষীরা, ৩১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলেজছাত্রী ধর্ষণ চেষ্টা মামলায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের দুই নেতাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) রতন শেখ সাতক্ষীরা মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
ছাত্রলীগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৪ জানুয়ারি সন্ধ্যায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগ জেলার শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। এতে অংশ নিতে খুলনার আযম খান কমার্স কলেজের বিবিএ’র দ্বিতীয় বর্ষের এক ছাত্রী স্বামীর সঙ্গে সাতক্ষীরা আসেন। অনুষ্ঠান শেষে পারিশ্রমিক দেওয়ার কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জেলা ছাত্রলীগের সভাপতি শেখ জুয়েল হাসান ও সাধারণ সম্পাদক পলাশের বিরুদ্ধে পরদিন ৫ জানুয়ারি মামলা করেন ওই ছাত্রী।
সেদিন রাতেই পলাশকে পুলিশ গ্রেপ্তার করলেও জুয়েল পলাতক রয়েছেন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে এরই মধ্যে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ কমিটি বিলুপ্ত করা হয়েছে।
ওসি রতন শেখ সাংবাদিকদের বলেন, তদন্তে ঘটনার সতত্য পাওয়ায় জুয়েল ও পলাশের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
অভিযোগপত্র দাখিলে পর সাতক্ষীরার পিপি মোস্তফা লুৎফুল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযোগপত্রটি জমা দেওয়ায় মামলাটি প্রস্তুত হলো। আগামীকাল ম্যাজিস্ট্রেটের সামনে এটি উপস্থাপন করা হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচপি/এএল/২১৫৪ ঘ.
bdnews24