ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে তৈরি ১০ হাজার টাকার ল্যাপটপ দোয়েল সংযোজন ও বাজারজাতকরণ আপাতত বন্ধ রেখেছে সরকার।
একটি বিশেষজ্ঞ কমিটির মতামতের ভিত্তিতে আপাতত বাজারজাতকরণ বন্ধ রাখা হয়েছে বলে সংসদে মঙ্গলবার জানান ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।
জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-১ আসনের সুবিদ আলী ভুঁইয়ার এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “গত বছর প্রধানমন্ত্রীর দোয়েল ল্যাপটপ উদ্বোধনের পর প্রতিটি ১০ হাজার টাকা মূল্যে স্বল্প সংখ্যক নেটবুক বিতরণ করা হয়।”
“এই দামে সে সময় ল্যাপটপ ব্যাপকভাবে উৎপাদন ও বাজারজাত করণের আগে পরীক্ষা-নিরীক্ষার জন্যে বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়।”
রাজিউদ্দিন বলেন, ওই কমিটির মতামতের ভিত্তিতে ১০ হাজার টাকা মূল্যমানের দোয়েল-২০১২ মডেলের নেটবুক সংযোজন ও বাজারজাতকরণের কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে।
গত ১১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) তৈরি দোয়েল ল্যাপটপ। তখন চার ধরনের এ ল্যাপটপের দাম ধরা হয় ১০ থেকে ২৬ হাজার টাকা।
সে সময় সিদ্ধান্ত হয়, দোয়েল শুরুতে সরকারি সংস্থাগুলোকে সরবরাহ করা হবে। পরে সাধারণ জনগণের জন্য বাজারজাত করা হবে।
অদূর ভবিষ্যতে আরো কম মূল্যে টেশিসে ট্যাবলেট পিসি সংযোজনের কার্যক্রম নেওয়ার বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলে জানান রাজু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/১৯৫০ ঘ.
bdnews24