বরগুনা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম ফেয়ারওয়ে বয়ার কাছে গুলিবিদ্ধ পাঁচ বাংলাদেশি জেলে ভারতে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন, যাদের নামে সেদেশে ডাকাতির মামলা হয়েছে।
বরগুনা জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মন্নান মাঝি জানান, বৃহস্পতিবার গুলিবিদ্ধ অবস্থায় ওই পাঁচ বাংলাদেশিকে উদ্ধারের পর চব্বিশ পরগনা জেলা আদালতে ডাকাতি ও হত্যা পরিকল্পনার মামলা করেছে ভারতের পুলিশ। বর্তমানে তারা ভারতের কাকদ্বীপ হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন।
ওই পাঁচ বাংলাদেশি হচ্ছেন- বরগুনার পাথরঘাটা উপজেলার হিরু খান, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ছোট মাছুয়া গ্রামের গোলাম মোস্তফা, একই গ্রামের নূর ইসলাম, বাগেরহাটের শরণখোলা উপজেলার নলবুনিয়া গ্রামের জাকির হোসেন খান ও পাথরঘাটা উপজেলার বিষ্ণুপদ বিশ্বাস।
জলদস্যুদের কবল থেকে ফিরে আসা জেলেদের বরাত দিয়ে আবদুল মন্নান মাঝি জানান, বৃহস্পতিবার জলদস্যুদের ধাওয়া খেয়ে কয়েকটি ভারতীয় ট্রলার বাংলাদেশি জলসীমানায় প্রবেশ করে আত্মরক্ষার চেষ্টা চালায়। এ সময় জেলেদের নৌকার বহরে জলদস্যুরা গুলি চালালে ভারতীয় জেলে শিপন দাস, দুলাল ও মনমোহন নিহত হয়।
এ সময় আরো কয়েকজন গুলিবিদ্ধ ভারতীয় জেলের মতোই ১৪/১৫ বাংলাদেশি জেলেও জীবন বাঁচাতে সাগরে ঝাঁপিয়ে পড়ে।
এদের মধ্যে পাঁচজনকে উদ্ধার করে ভারতীয়রা তাদের ট্রলারে করে নিয়ে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ভর্তি করে।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ভারতে আটক পাঁচ বাংলাদেশী জলদস্যু নন। তারা প্রকৃত জেলে। যারা জীবন রক্ষার্থে বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়েছিলো।
তিনি আটক নিরপরাধী জেলেদের বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৯১৮ ঘ.
bdnews24