২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লীতে বিদ্যুৎ গ্রাহক ১৮ লাখ বাড়ছে

পল্লী অঞ্চলে আরো ১৮ লাখ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দিতে যাচ্ছে সরকার। এর পাশাপাশি রাজধানীর বিদ্যুৎ সমস্যা নিরসনে একটি প্রকল্পও পাস হয়েছে একনেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2012, 12:17 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পল্লী অঞ্চলে আরো ১৮ লাখ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দিতে যাচ্ছে সরকার। এর পাশাপাশি রাজধানীর বিদ্যুৎ সমস্যা নিরসনে একটি প্রকল্পও পাস হয়েছে একনেকে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের কার্যনির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এই দুটিসহ ৬ হাজার ৪৫৩ কোটি টাকার আটটি প্রকল্প অনুমোদন হয়েছে বলে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার জানিয়েছেন। ‘পল্লী বিদ্যুতায়ন স¤প্রসারণের মাধ্যমে ১৮ লাখ গ্রাহক সংযোগ প্রদান’ প্রকল্পের আওতায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ৭০টি সমিতির মাধ্যমে নতুন সংযোগ দেবে। এজন্য ব্যয় ধরা হয়েছে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। দেশে বর্তমানে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিতরণ লাইন প্রায় ২ লাখ ২১ হাজার কিলোমিটার এবং গ্রাহক সংখ্যা প্রায় ৮৪ লাখ। ৭০টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে ২০২১ সালের মধ্যে দেশের সব গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার মহাপরিকল্পনা রয়েছে সরকারের। প্রকল্পের কার্যপত্রে বলা হয়েছে, এর আওতায় ৪৫ হাজার কিলোমিটার নতুন বিতরণ লাইন এবং দুই হাজার কিলোমিটার ৩৩ কেভি নতুন লাইন নির্মাণ করা হবে। এছাড়া ৫০০ কিলোমিটার লাইন পুনর্বাসন, ১০০টি ৩৩/১১ কেভি নতুন উপকেন্দ্র নির্মাণ এবং ৫০টি উপকেন্দ্রের ক্ষমতা বাড়ানো হবে। নতুন ১৮ লাখ সংযোগের জন্য অতিরিক্ত ৭৬৫ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হবে। বর্তমানে দেশে দৈনিক বিদ্যুতের গড় উৎপাদন ৫ হাজার মেগাওয়াট হলেও চাহিদা এর চেয়ে ২ হাজার মেগাওয়াট বেশি। তবে গত তিন বছরে ২ হাজার ৪০৬ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়েছে। একনেকে রাজধানীর ঢাকার ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ এবং লোড শেডিং দূর করার লক্ষ্যে ৫৫৩ কোটি টাকার অন্য একটি প্রকল্প অনুমোদন হয় বলে মন্ত্রী জানান। এই প্রকল্পের অধীনে ১৩২/৩৩ এবং ৩৩/১১ কেভি নতুন সাব স্টেশন এবং ট্রান্সমিশন ও সাব-ট্রান্সমিশন লাইন নির্মাণ করা হবে। ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য ঠিক করা হয়েছে। শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খোন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, নৌমন্ত্রী শাজাহান খানসহ একনেক সদস্যরা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পরিকল্পনা কমিশনের সদস্য, মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। পরিকল্পনামন্ত্রী জানান, যে আটটি প্রকল্প অনুমোদন হয়েছে, তার ব্যয়ের ৫ হাজার ৯৭১ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল এবং ৪৮২ কোটি টাকা প্রকল্প সাহায্য থেকে মেটানো হবে। অন্য ছয় প্রকল্প মঙ্গলবার অনুমোদিত অন্য প্রকল্প হলো- ৫৭ কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার শক্তিশালীকরণ প্রকল্প, ৭৪ কোটি টাকার উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্র স্থাপন প্রকল্প, ৭৫ কোটি টাকার দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প, ৭৬ কোটি টাকার এস্টাব্লিশমেন্ট অব কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ কমপ্লেক্স (১ম সংশোধিত) প্রকল্প, ১৫১ কোটি টাকার উপজেলা গর্ভনেন্স প্রজেক্ট এবং ৫৪ কোটি টাকা ব্যয়ে নকলা বাইপাস সড়ক নির্মাণ এবং সন্ধ্যাকুড়া-হাতিপাগাড়-ধানুয়া-কামালপুর সড়কের ১০ম কিলোমিটারে চেল্লাখালী নদীর ওপর ১৬৫ মিটার পিসি গার্ডার ব্রিজ নির্মাণ (সংশোধিত) প্রকল্প। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৮১০ ঘ.