ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্র সচিবসহ জনপ্রশাসনের চার সচিবের দপ্তর বদল হয়েছে। স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব পেয়েছেন কৃষি সচিব সি কিউ কে মুশতাক আহমেদ।
মঙ্গলবার চার সচিবের দপ্তর পরিবর্তনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে কৃষি সচিবের দায়িত্ব পাওয়া মনজুর হোসেন আগে স্বরাষ্ট্র সচিবের দায়িত্বে ছিলেন।
পুলিশ মহাপরিদর্শকের পদটিকে জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদায় উন্নীত করার পরই এই পদক্ষেপ নেওয়া হল। গত সপ্তাহে সরকার এই পদক্ষেপ নেয়।
মনজুর হোসেন ছিলেন সচিব। নতুন স্বরাষ্ট্র সচিব মুশতাক জ্যেষ্ঠ সচিব।
এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মিকাঈল শিপারকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবারের পরিবর্তনে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন কাজী আখতার হোসেন। তিনি কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭১৭ ঘ.
bdnews24