২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা

চুয়াডাঙ্গায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে তার স্বামী হত্যা করে পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2012, 11:03 AM

Updated : 24 Aug 2022, 10:41 AM

চুয়াডাঙ্গা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে তার স্বামী হত্যা করে পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সদর থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে জেলা শহরের রেলপাড়ার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নাজমা (১৮) দামুড়হুদা উপজেলার তারিনিপুর গ্রামের আব্দুল খালেকের মেয়ে। এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে পুলিশ কর্মকর্তা ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৭টার দিকে স্বামী কালু নিজেই লাশ ঘর থেকে বের করে বারান্দায় রেখে পালিয়ে যায়। কালু মাদকাসক্ত বলে এলাকাবাসী পুলিশকে জানিয়েছে। রেলপাড়া এলাকার বাসিন্দা শমসের আলী জানান, নিহত নাজমা ও তার স্বামী কালু তার বাড়ির দোতলায় বসবাস করতেন। নিহত নাজমার নানী খোদেজা খাতুন জানান, তিন বছর আগে কালুর সঙ্গে নাজমার বিয়ে হয়। বিয়ের পর যৌতুক হিসেবে ২০ হাজার টাকা দেওয়া হলেও প্রায়ই যৌতুকের জন্য নাজমাকে মারধর করত কালু। প্রতিবেশী ভাড়াটে নারগিস জানান, কালু প্রায়ই তার স্ত্রী নাজমাকে মারপিট করত। ১০-১২ দিন আগেও কালু নাজমাকে মেরে মাথা ফাটিয়ে ফেললে তার মাথায় দুটি সেলাই পড়ে। সোমবার হাসপাতাল থেকে মাথার সেলাই কেটে আনা হয়। পুলিশ কর্মকর্তা ফারুক জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলাও হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৭০০ ঘ.