রাজশাহী, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুন, পুলিশের ওপর হামলা ও কাজে বাধার অভিযোগে রাজশাহীতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ২ হাজার ৭০০ নেতা-কর্মীকে আসামি করে দুটি মামলা হয়েছে।
সোমবার গণমিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এক জামায়াত কর্মী নিহত হওয়ার পর বোয়ালিয়া মডেল থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার ও উপ-পরিদর্শক মাহবুবুর রহমান এ দুটি মামলা করেন।
সোমবার চারদলের গণমিছিল কর্মসূচি চলাকালে নগরীর লোকনাথ বিদ্যালয় এলাকায় পুলিশের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষের সময় শফিকুল ইসলাম নামে জামায়াতে ইসলামীর এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।
ওই ঘটনায় এ পর্যন্ত মোট ৫৩ জনকে আটক করেছে পুলিশ। বিএনপি নেতৃত্বাধীন চারদল সংঘর্ষ ও হতাহতের ঘটনায় মঙ্গলবার রাজশাহী মহানগরে আধাবেলা হরতাল পালন করেছে।
এর আগে রোববার একই কর্মসূচিতে লক্ষ্মীপুর ও চাঁদপুরে পুলিশের গুলিতে চারজন নিহত হয়। এর প্রতিবাদে মঙ্গলবার থেকে চার দিনের বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/জেকে/১৬৩০ ঘ.
bdnews24