শেরপুর, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরে বিভিন্ন শিক্ষাবোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র জাল করে বিক্রির সময় তিন জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় শেরপুর পৌর নিউমার্কেটে সুজা কম্পিউটার অ্যান্ড ফটোস্ট্যাটের দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে কম্পিউটার অপারেটর মো. আব্দুর রশিদ ছাড়া বাকি দু’জনের নাম জানা যায়নি।
শেরপুর সদর থানার উপপরিদর্শক পারভেজ আহাম্মেদ সেলিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর পৌর নিউমার্কেটের ওই কম্পিউটারের দোকানে অভিযান চালিয়ে কম্পিউটার অপারেটর মো. আব্দুর রশিদ ও দুই ক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
অবশ্য এ সময় দোকানের মালিক সুজাউদ্দৌলা (সুজা) দোকানে ছিলেন না।
তিনি আরো বলেন, “আটককৃতদের শেরপুর সদর থানায় রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তবে আটক দুই ক্রেতার নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা পারভেজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/২২০২ ঘ.
bdnews24