ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ওমর ফারুক (বাসস) সভাপতি ও শাবান মাহমুদ (বাংলাদেশ প্রতিদিন) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার দিনভর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ ও গণনা শেষে রাতে ডিইউজে নির্বাচন কমিশনের চেয়ারম্যান আবু তাহের এ ফল ঘোষণা করেন।
নির্বাচনে ওমর ফারুক ও শাবান মাহমুদের নেতৃত্বাধীন প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।
ছয় সভাপতি প্রার্থীর মধ্যে ওমর ফারুক ৭১৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক ইনকিলাবের জাকারিয়া কাজল পান ৫০৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে শাবান মাহমুদ পান এক হাজার ৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রহমান মুস্তাফিজ পান ২০৯ ভোট।
সহ-সভাপতি পদে ডেইলি সানের তরুন তপন চক্রবর্তী পান ৫৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যুগান্তরের আতিকুর রহমান চৌধুরী পান ৪৪১ ভোট। যুগ্ম-সম্পাদক পদে সমকালের আবদুল মজিদ ৬২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী বাসস’র নূরে জান্নাত আখতার সীমা পান ৫৮৩ ভোট।
এছাড়া কোষাধ্যক্ষ পদে ইন্ডিপেনডেন্টের মফিজুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক পদে যায়যায়দিনের সোহেল হায়দার চৌধুরী, প্রচার সম্পাদক পদে এনএনবির গাজী জহিরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মাইটিভির জিএম মাসুদ ঢালী, জনকল্যাণ সম্পাদক পদে ভোরের কাগজের মীর আফরোজ জামান, দপ্তর সম্পাদক পদে কালের কণ্ঠের খন্দকার মোজাম্মেল হক নির্বাচিত হন।
নয়টি সদস্য পদে নির্বাচিত হন- ডেইলি সানের অমিয় ঘটক পুলক, এটিএন বাংলার নাজমুল হক সৈকত, সলিমউল্লাহ সেলিম (সরাসরি), শাহনাজ বেগম, শারমীন রহমান সোমা (সরাসরি), সকালের খবরের আজিজুর রহীম পিউ, যায়যায়দিনের কিশোর কুমার সরকার, ইত্তেফাকের আবুল কালাম ও জহিরুল হক (সরাসরি)।
নির্বাচনে দুই হাজার ৭১৮ জন ভোটারের মধ্যে এক হাজার ৭২৬ জন সদস্য ভোট দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচ/২২৫৭ ঘ.
bdnews24