২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুবলায় ভারতীয় ট্রলার আটক

সুন্দরবনের দুবলা জেলেপল্লী এলাকায় চরে আটকে পড়া একটি ভারতীয় মাছধরা ট্রলার আটক করেছে কোস্টগার্ড ও সুন্দরবন পূর্ব বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2012, 04:26 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

বাগেরহাট, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনের দুবলা জেলেপল্লী এলাকায় চরে আটকে পড়া একটি ভারতীয় মাছধরা ট্রলার আটক করেছে কোস্টগার্ড ও সুন্দরবন পূর্ব বিভাগ। রোববার ভোরে শেলার চর সংলগ্ন ছাপড়াখালী এলাকায় বনকর্মীরা ‘এফ.বি. তারা মা’ নামে ট্রলারটি দেখতে পেয়ে কোস্টগার্ডকে জানায়। কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার এম. হাসানুজ্জামান বলেন, সুন্দরবনের জলদস্যু গামা বাহিনী ভারতীয় এই ট্রলারটি অপহরণ করে উপকূলের দিকে নিয়ে আসার সময় শনিবার রাতে ট্রলারটি চরে আটকে যায়। “পাহারা দিয়ে রাখলেও কোস্টগার্ডের একার পক্ষে ট্রলারটি উদ্ধার করা সম্ভব না। এ জন্য জেলা প্রশাসন ও মংলা বন্দর কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন।” তিনি জানান, ট্রলারটির পাহারায় থাকা কোস্টগার্ড জাহাজ ‘সিজিএস পটুয়াখালী’কে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার আরেকটি দল সেখানে পৌঁছবে। ট্রলারে থাকা মাঝি বা জেলেদের সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই উল্লেখ করে তিনি জানান, ৩২ অশ্বশক্তির ইঞ্জিনসহ এ ট্রলারটিতে কিছু মাছ ও জাল রয়েছে। হাসানুজ্জামান আরো বলেন, রোববার রাতে দস্যুরা ট্রলারটির কাছে আসার চেষ্টা করে। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ২২ রাউন্ড ফাঁকা গুলি করে তারা ফিরে যায়। এর আগে তারা ইঞ্জিনের ব্যাটারি খুলে নিয়েছিল। পরে আবার ট্রলারের ইঞ্জিন খুলে নিতে এসেছিল বলে ধারণা করা হচ্ছে। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো বলেন, আটক ট্রলারটি অনেক বড়। এতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জাল ফেলা ও তোলার ব্যবস্থা রয়েছে। ট্রলারটি পাহারা দিতে তারা কোস্টগার্ডকে সহায়তা করছেন। তবে তাদের পক্ষে এককভাবে ট্রলারটি পাহারা দেওয়া সম্ভব নয়। কারণ এজন্য প্রয়োজনীয় লোকবল, আগ্নেয়াস্ত্র বা নৌযান তাদের নেই। খুলনার জেলা প্রশাসক মো. জমশের আহম্মাদ খন্দকার বলেন, ট্রলার আটকের বিষয়টি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনকে অবহিত করা হয়েছে। তবে হাই কমিশন তাদের কোনো ফিরতি বার্তা দেয়নি। ট্রলারটি উদ্ধারে সরাসরি তাদের করণীয় কিছু নেই কারণ এলাকাটি বাগেরহাট জেলার অন্তর্গত বলে তিনি জানান। বাগেরহাটের জেলা প্রশাসক মো. আকরাম হোসেন বলেন, একটি ট্রলার আটকের ঘটনা তিনি খুলনার জেলা প্রশাসকের মাধ্যমে শুনেছেন। তবে এ ব্যাপারে কোনো মহল থেকে তিনি সুনির্দিষ্ট কোনো নির্দেশনা পাননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২২২৪ ঘ.