২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজ আয়ে চলা থেকে ‘মুক্তি’ পাচ্ছে ৩ বিশ্ববিদ্যালয়

নির্দিষ্ট সময়ের পর নিজস্ব অর্থায়নে চলার যে বাধ্যবাধকতা জগন্নাথসহ তিনটি বিশ্ববিদ্যালয়ের রয়েছে, তা তুলে নিতে যাচ্ছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2012, 01:19 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্দিষ্ট সময়ের পর নিজস্ব অর্থায়নে চলার যে বাধ্যবাধকতা জগন্নাথসহ তিনটি বিশ্ববিদ্যালয়ের রয়েছে, তা তুলে নিতে যাচ্ছে সরকার। এই সংক্রান্ত আইন সংশোধনের প্রস্তাব সোমবার মন্ত্রিসভা নীতিগতভাবে অনুমোদন করেছে। গত বছর এই দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়লে প্রধানমন্ত্রী আইন পরিবর্তনের আশ্বাস দিয়েছিলেন। ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাদে অন্য দুটি বিশ্ববিদ্যালয় হচ্ছে কুমিল্ল¬া বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসেন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, “আগের আইন তুলে দেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়গুলোকে ধীরে ধীরে তাদের আয় বাড়াতে হবে।” এই তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইনে নির্দিষ্ট সময়ের পর সরকারি অর্থায়ন বন্ধের কথা বলা রয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ বছর পর এবং কুমিল্ল¬া ও কাজী নজরুল বিশ্ববিদ্যালয়কে ১০ বছর পর নিজস্ব অর্থায়নে পরিচালিত হওয়ার বিধান রয়েছে। জগন্নাথের ক্ষেত্রে ওই সময়সীমা গত বছর পেরিয়ে যাওয়ায় নিজস্ব ব্যয়ে চলতে শিক্ষার্থীদের টিউশন ফি কয়েকগুণ করা হয়েছিল। এরপরই শুরু হয় শিক্ষার্থীদের বিক্ষোভ। প্রধানমন্ত্রী তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্য দুটিতেও সরকারি বরাদ্দ অব্যাহত রাখার ঘোষণা দেন। ১৮৮৪ সালে প্রতিষ্ঠিত জগন্নাথ কলেজকে ২০০৫ সালে পাবলিক বা সরকারি বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়। কুমিল¬া বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় ২০০৬ সালে জেলা সদরের কোটবাড়িতে। ময়মনসিংহের ত্রিশালে নজরুল বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় ২০০৫ সালে। এর আগে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোর তহবিল সরকারই সরবরাহ করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৯১১ ঘ.