ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় সাংসদদের সময় থাকতে ‘ঠিক’ হয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় রোববার তিনি বলেন, দলের সব সাংসদের সম্পর্কে হালনাগাদ তথ্য তার হাতে রয়েছে। এর মধ্যে দু’শ সাংসদের প্রতিবেদনে তিনি চোখ বুলিয়েছেন।
প্রতিবেদন পড়েই তিনি সময় থাকতেই ঠিক হয়ে যাওয়ার জন্য সাংসদদের সতর্ক করেন বলে বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়।
এ সময় তিনি দলের সাংসদদের সাধারণ নাগরিক ও দলীয় কর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোরও তাগিদ দেন।
শেখ হাসিনার সভাপতিত্বে দুপুর ৩টা থেকে ঘণ্টাব্যাপী আওয়ামী লীগের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়।
বৈঠকের একটি সূত্র জানায়, সব সাংসদের কর্মকাণ্ড যাচই-বাছাই শেষ হলে তিনি ২৫ জন করে সাংসদের টিম করে ধারাবাহিক বৈঠক করবেন বলে রোববারে বৈঠকে বলেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “সাংসদরা যারা আগামী দুবছরের মধ্যে দলীয় নেতা-কর্মীদের আস্থা অর্জন করতে পারবেন না তাদের আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/পিডি/০০২৯
bdnews24