নারায়ণগঞ্জ, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রাক চাপায় এক নারীর মৃত্যুর ঘটনায় বিক্ষুদ্ধ জনতার সঙ্গে র্যাব ও পুলিশের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে।
রোববার সন্ধ্যায় এ ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৯ রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুঁড়েছে। এর আগে একঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে (সংযোগ সড়ক) যান চলাচল বন্ধ থাকে।
পুলিশ লোকমান ও শাকিল নামের দুই যুবককে আটক করেছে। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ সুপার (এসপি) শেখ নাজমূল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৭টার দিকে সদর উপজলোর ফতুল্লার চাঁদমারী এলাকায় ইসদার এলাকার সাবিনা বেগম (২৮) রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় ঘটনাস্থলে নিহত হন।
এরপর এলাকার ৫/৬ শ’ লোক ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড অবরোধ দিয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। তারা ১০/১৫টি বাস ভাংচুরও করে।
পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজিত লোকজন তাদের উপরও হামলা চালায় বলে জানান এসপি।
এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০ রাউন্ড রাবার বুলেট ছোঁড়ে ও ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে।
ফতুল্লা মডেল থানার সহকারী পুলিশ সুপার মাহীদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষে পুলিশের হাবিলদার মো. সাদ্দাম ও কনস্টেবল তবিবুর রহমান আহত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২৩২৩ ঘ.
bdnews24