যশোর, ২৯ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমিজমা নিয়ে বিরোধের জেরে যশোরের মণিরামপুর উপজেলায় এক প্রতিবেশী কুপিয়ে হত্যা করেছে স্কুল শিক্ষার্থী ভাই-বোনকে।
রোববার মনিরামপুর উপজেলার বাটবিলা গ্রামে নিহতরা হল জামির সরদারের ছেলে কবির হোসেন (১৩) এবং তার চাচাতো বোন জমির সরদারের মেয়ে শারমিন আক্তার (১৪)।
কবির হোসেন স্থানীয় দূর্বাডাঙ্গা দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণি এবং শারমিন আক্তার একই মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী।
মনিরামপুর থানার ওসি ছয়রুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা আড়াইটার দিকে কবির ও শারমিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিবেশী সিরাজুল।
স্থানীয় চেয়ারম্যান সরদার বাহাদুর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৩/৪ বছর ধরে সিরাজের বাবা মোমিন সরদার ও জামির সরদারদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওই ঘটনার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।
হত্যাকাণ্ডের পর বিক্ষুব্ধ এলাকাবাসী সিরাজুল ইসলাম সরদার, মোমিন সরদার, আমিন সরদারের বাড়িসহ ৪/৫টি বসতবাড়িতে অগ্নিসংযোগ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২২৩৩ ঘ.
bdnews24