চাঁপাইনবাবগঞ্জ, ২৯ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন চিকিৎসক, নার্স ও কর্মচারীরা।
রোববার সকালে সদর হাসপাতালের সামনে এই মানববন্ধন ও সমাবেশে সদর হাসপাতালের ডা. শফিকুল ইসলামের ওপর হামলাকারীদের শাস্তির দাবি জানানো হয়।
এছাড়া হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা কালো ব্যাচ ধারণ করে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতিও পালন করেন।
সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি ডা. আব্দুস সালাম, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. অসিত সরকার, ডা. রবিউল আলম, নার্সিং সুপারভাইজার রেবেকা সুলতানা ও কর্মচারী একরামুল হক।
শনিবার সন্ধ্যায় শহরের মসজিদপাড়ার আজিজুর নামে এক ব্যক্তি ডায়রিয়া আক্রান্ত হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শফিকুল ইসলাম তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। কিন্তু আজিজুর ভর্তি না হয়ে চলে যান।
কিছুক্ষণ পর তিনি আবার ফিরে গিয়ে ওই চিকিৎসককে গালাগাল দেন এবং এক পর্যায়ে একটি টুল দিয়ে ওই চিকিৎসককে আঘাত করেন।
গুরুতর আহত চিকিৎসক সদর হাসপাতালে ভর্তি আছেন।
এদিকে এ ঘটনার পর ওই আজিজুর রহমানকে (৪০) পুলিশে সোপর্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। রাতে সিভিল সার্জন ডা. মতিউর রহমান সদর থানায় একটি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৯৩২ ঘ.
bdnews24