২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় শিক্ষানবিস চিকিৎসকদের কর্মবিরতি শুরু

পাঁচ দফা দাবিতে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিস চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2012, 05:17 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

বগুড়া, ২৯ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ দফা দাবিতে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিস চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেছেন। রোববার থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চারঘণ্টা করে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে শিক্ষানবিস চিকিৎসক পরিষদ। শুক্রবার রাতে বাবলু শেখ নামে এক পরিবহন শ্রমিকের মৃত্যুর ঘটনায় রোগীর স্বজনরা চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে কর্তব্যরত শিক্ষানবিস চিকিৎসকদের সঙ্গে হাতাহাতি এবং হাসপাতালের একটি কক্ষে ভাংচুর চালায়। দাবি আদায়ে কর্মবিরতির পাশাপাশি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কার্যালয়ে লিখিত অভিযোগও করেছেন। কর্মবিরতির কারণে রোববার কর্মসূচির প্রথম দিন হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত হয়। তবে, আন্দোলনরত শিক্ষানবিস চিকিৎসকদের দাবি, জরুরি সেবা কর্মসূচির বাইরে রাখা হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক ডা. এস এম রাসেল পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৭২ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। শিক্ষানবিস চিকিৎসক পরিষদের সভাপতি ডা. সৌবর্ণ রায় বাঁধন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এসে বগুড়া সদর থানার ওসিসহ (তদন্ত) পুলিশের দুই কর্মকর্তা তাদের সহকর্মীদের সঙ্গে অশোভন আচরণ করেছেন। এ ব্যাপারে ওসি আতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষানবিস ডাক্তারদের সঙ্গে কোনো ধরনের অসৌজন্যমূলক ব্যবহার করা হয়নি। শুধু অপ্রীতিকর ঘটনা এড়াতে উভয়পক্ষকে শান্ত করা হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২৩০৮ ঘ.