ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর চকবাজারে ছিনতাইয়ের সময় গুলিবিদ্ধ হয়ে ও জনতার গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছে।
চকবাজার থানার ওসি মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজধানীর মৌলভীবাজারের মোসলেম স্টোরের কর্মচারী মো. শহীদ, শামছুদ্দিন ও ফরিদ বেলা সাড়ে ১২টার দিকে যমুনা ব্যাংক থেকে ১৪ লাখ ২৫ হাজার টাকা উঠিয়ে দোকানে ফেরার পথে চারজন ছিনতাইকারী তা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ সময় বাবুল নামে এক ছিনতাইকারীকে তারা জাপটে ধরে ফেললে ছিনতাইকারীরা ককটেল ও এলোপাতাড়ি গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এতে বাবুল ও দোকানের কর্মচারী শহীদের গায়ে গুলি লাগে। এক পর্যায়ে জনতা এগিয়ে এসে গুলিবিদ্ধ বাবুলকে পিটুনি দেয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোজাম্মেল হক জানান, আশংকাজনক অবস্থায় বাবুলকে হাসপাতালে ভর্তি করা হলে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।
আহত দোকান কর্মচারী শহীদ ও শামছুদ্দিনকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছিনতাইকারীরা টাকা নিতে পারেনি বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৪২৫ ঘ.
bdnews24