নারায়ণগঞ্জ, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ৬টি অটোরিকশাসহ ছিনতাইতারীচক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব।
র্যাব-১১ এর অধিনায়ক মেজর মো. আবু সাঈদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার চাষাঢ়া এলাকায় মনিরের অটোরিকশা গ্যারেজের পাশে অভিযান চালিয়ে ওই পাঁচ জনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৬টি অটোরিকশা উদ্ধার করা হয়।
এরা হলেন- মো. বাবু, মনির হোসেন, মোফাজ্জল খান, মো. নূরে আলম ও আবদুল জব্বার। এদের মধ্যে আবদুল জব্বার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি করেন।
শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে মেজর আবু সাঈদ খান জানান, ওই পাঁচজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছে, দীর্ঘদিন ধরে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই চালিয়ে আসছিল তারা। ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালককে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে অথবা অস্ত্রের মুখে জিম্মি করে অজ্ঞাত স্থানে ফেলে দিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যেত তারা।
পরে অটোরিকশা ছাড়িয়ে নিতে ওই চালকের কাছে মোট অংকের টাকা দাবি করা হতো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১১১০ ঘ.
bdnews24