রাঙামাটি, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৌদ্ধ ধর্মীয় গুরু শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে) গুরুতর অসুস্থ হয়েছেন।
শুক্রবার দুপুরে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে পাঠানো হয়েছে।
রাঙামাটির সার্কিট হাউজ হেলিপ্যাড থেকে তাকে হেলিকপ্টারে তোলার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাকমা সার্কেল প্রধান রাজা দেবাশীষ রায়, জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রর্বর্তী, রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল শামসুজ্জমান, জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান প্রমুখ।
বনভান্তের অসুস্থতার খবর পেয়ে সকাল থেকেই হাজার হাজার ভক্ত রাঙামাটির রাজ বনবিহার এলাকায় ভিড় জমান।
দেবাশীষ রায় বলেন, গত ৮ জানুয়ারি বনভান্তের ৯৩তম জন্মদিন পালন করা হয়। বার্ধক্যজনিত রোগ ছাড়াও তিনি উচ্চ রক্তচাপ, ঠাণ্ডাজনিত সমস্যা এবং ফুসফুসের সমস্যায় ভুগছেন।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই বৌদ্ধ ধর্মীয় গুরু জন্মগ্রহণ করেন ১৯২০ সালের ৮ জানুয়ারি রাঙামাটি সদরের মগবান ইউনিয়নের মোড়ঘোনা গ্রামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০০ ঘ.
bdnews24