কুমিল্লা, জানুয়ারি ২৭ (বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম)- তুচ্ছ ঘটনা নিয়ে কুমিল্লা নগরীতে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার বেলা ১২টার দিকে কালিয়াজুরীর বদরপুর নতুন জামে মসজিদের কাছে এ হামলায় নিহত হন মো. জাবেদ (২৪)।
এ ঘটনায় মাইনুদ্দিন নামে এক যুবককে পিটুনী দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এছাড়া এ হত্যার বিচার দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে অবরোধ করেছে এলাকাবাসী।
এলাকাবাসী জানায়, শুক্রবার বেলা ১২টার দিকে কয়েকজন যুবক জাবেদকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শাহজাহান কবির জানান, মৎস্য ব্যবসায়ী জাহাঙ্গীর মিয়ার ছেলে জাবেদ স্থানীয় একটি ছিনতাইকারী চক্রের সঙ্গে চলাফেরা করতেন।
বৃহস্পতিবার রাতে তাদের নিজেদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে দুপুরে মাইনুদ্দিনসহ কয়েকজন জাবেদকে ছুরিকাঘাত করে।
পিটুনিতে আহত মাইনুদ্দিনকে আটক করে পুলিশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৭ ঘ.
bdnews24