২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে বিস্ফোরণ বিপণি বিতানে

রাজধানীর মিরপুর এক নম্বর সেকশনে একটি বিপণি বিতানে নির্বাচনের সময় কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2012, 12:02 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুর এক নম্বর সেকশনে একটি বিপণি বিতানে নির্বাচনের সময় কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটেছে। শুক্রবার দুপুরে বিস্ফোরণের সময় একটি সোনার দোকানকর্মীর ওপর হামলার অভিযোগও পাওয়া গেছে। এই ঘটনার পর হজরত শাহ আলী মার্কেটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শাহ আলী মার্কেটে বোমা বিস্ফোরণ ঘটলেও ওই সময় নির্বাচন হচ্ছিল তার বিপরীত দিকের শাহ আলী সিটি কর্পোরেশন মার্কেট ব্যবসায়ী সমিতির। শাহ আলী সিটি কর্পোরেশন মার্কেটটি শাহ আলী থানা এলাকায় হলেও সড়কের বিপরীত পাশের শাহ আলী মার্কেটটি পড়েছে দারুস সালাম থানা এলাকায়। শাহ আলী থানার উপপরিদর্শক অশোক চৌহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিটি কর্পোরেশন মার্কেটের ব্যবসায়ী সমিতির নির্বাচন চলাকালে দুপুর দেড়টার দিকে শাহ আলী মার্কেটের সামনে চার থেকে পাঁচটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে কয়েকজন আহত হন। কারা এবং কেন এই বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি। এর তদন্ত করছে দারুস সালাম থানা পুলিশ। অশোকের দাবি, এই বিস্ফোরণের সঙ্গে নির্বাচনের কোনো সংস্রব নেই। তবে দারুস সালাম থানার উপপরিদর্শক আবু সালাম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলছেন, এর সঙ্গে নির্বাচনের সংশ্লিষ্টতা রয়েছে। তিনি বলেন, “নির্বাচন নিয়ে দুটি গ্র“প রয়েছে। তাদের মধ্যে কোনো একটি পক্ষ আতঙ্ক সৃষ্টি করতে এই বিস্ফোরণ ঘটিয়েছে।” সালাম জানান, বিস্ফোরণের পরপরই আশেপাশের লোকজন ছোটাছুটি শুরু করে। হামলাকারীরাও সম্ভবত তাদের ভিড়ে মিশে যায়। তিনি জানান, এই হাতবোমার বিস্ফোরণের সময় ইউরেকা জুয়েলার্স নামে একটি গহনার দোকানের কর্মচারী কামাল হোসেন (৩৫) আহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৮০০ ঘ.