টাঙ্গাইল, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল ও আশেপাশের জেলাগুলোর কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা দিতে কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনসন সোসাইটির উদ্যোগে যাত্রা শুরু করেছে ক্যাম্পস কিডনি সেন্টার।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মজিবুর রহমান ফকির শুক্রবার দুপুরে শহরের রেজিস্ট্রিপাড়া সড়কে ফিতা কেটে এ চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করেন। পরে কিডনি রোগ বিষয়ে একটি আলোচনা সভার আয়োজন করে ব্যুরো বাংলাদেশ।
অনুষ্ঠানে জানানো হয়, টাঙ্গাইল ও আশেপাশের জেলাগুলোতে বসবাসরত ৫০ লাখের বেশি মানুষের মধ্যে প্রায় ৫ লাখ লোক কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত। এদের অনেককেই ডায়ালাইসিস করাতে প্রতি সপ্তাহে ঢাকায় যেতে হয়।
এসব রোগীদের স্বল্প খরচে চিকিৎসা সেবা দিতেই কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনসন সোসাইটি (ক্যাম্পস) টাঙ্গাইলে এই কিডনি সেন্টার প্রতিষ্ঠা করেছে বলে উল্লেখ করেন সেন্টারের উপদেষ্টা পরিষদের আহবায়ক ও ব্যুরো বাংলাদেশের নির্বাহী পরিচালক জাকির হোসেন।
ক্যাম্পসের জরিপ অনুযায়ী, রোগের চূড়ান্ত পর্যায়ে ডায়ালাইসিস করাতে না পেরে ৯০ শতাংশের বেশি কিডনি ে রোগী মারা যান। বাকি ১০ শতাংশের ডায়ালাইসিস করানোর মতো সামর্থ্য থাকলেও তাদের একটি অংশও আর শেষ পর্যন্ত আর অর্থের যোগান দিতে পারেন না।
ঢাকার বাইরে হাতে গোনা মাত্র কয়েকটি হাসপাতালে ডায়ালাইসিস করার ব্যবস্থা রয়েছে। আর ডায়ালাইসিসের জন্য প্রতিবছর একজন কিডনি রোগীর পেছনে ব্যয় হয় ৪ থেকে ৫ লাখ টাকা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ৪৩টি বেসরকারি মেডিকেল কলেজের অনুমোদন দিয়েছে। তিনটি নতুন সরকারি মেডিকেল কলেজ স্থাপন হয়েছে। টাঙ্গাইলেও মেডিক্যাল কলেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে।
কিডনি রোগীদের চিকিৎসায় এই সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের বিত্তবানদের এ খাতের উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান তিনি।
জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার রফিকুল হক ও টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান ফারুক।
ব্যুরো বাংলাদেশ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন কিডনি ক্যাম্পস সভাপতি অধ্যাপক ডা. এম এ সামাদ। অন্যদের মধ্যে সিভিল সার্জন ডা. আবদুল বাছিত অনুষ্ঠানে বক্তৃতা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৭১১ ঘ.
bdnews24