চাঁদপুর, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছয় শতাধিক যাত্রী নিয়ে প্যাডেল ভেঙে মেঘনার বুকে বিকল হয়ে গেছে বাগেরহাটের মোড়েলগঞ্জ থেকে ঢাকাগামী স্টিমার পিএস টার্ন। অন্য নৌযানে করে আরোহীদের সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।
পিএস টার্নের কর্মকর্তা আরিফুর রহমান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় বাগেরহাটের মোড়েলগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে স্টিমারটি। শুক্রবার ভোরে বরিশালের হিজলা এবং চাঁদপুরের হাইমচরের মাঝামাঝি এলাকায় মেঘনা নদীতে সেটি বিকল হয়ে যায়।
তিনি বলেন, “স্টিমারের ডান পাশের প্যাডেলের একটি অংশ ভেঙে গেছে। কয়েকদফা চেষ্টা করেও মেরামত করা যায়নি। কতোক্ষণ লাগবে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।”
এদিকে ভোরে মাঝ নদীতে স্টিমার বিকল হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ৬ শতাধিক যাত্রী। পরে আরেকটি লঞ্চে করে দুই শতাধিক যাত্রীকে গন্তব্যে পাঠানো হয়। বাকিদেরও বিকল্প নৌযানে করে স্টিমার থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে আরিফুর রহমান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৬০২ ঘ.
bdnews24