জয়পুরহাট, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের কালাইয়ে এক ইউপি সদস্যকে মারধরের জের ধরে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে ওসিসহ কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ছয় জন পুলিশ সদস্য, যাদের মধ্যে কালাই থানার ওসি মোখলেছুর রহমানও রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাব ও পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
আ.লীগ সমর্থিত কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন দাবি করেছেন, পুলিশের গুলিতে অন্তত ১১ সমর্থক আহত হয়েছেন। গুলিবিদ্ধদের বগুড়া পাঠানো হয়েছে।
তবে তিনি তাদের নাম জানাতে পারেননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে ১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আইন-শৃঙ্খলা কমিটির সভা চলাকালীন বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা বিএনপির (একাংশ) সভাপতি ইব্রাহীম হোসেনের কর্মীরা উপজেলা যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও পুনট ইউনিয়ন পরিষদের সদস্য আফজাল হোসেনকে মারধর করেন।
ঘটনার পরপরই বিএনপি কর্মীরা মুকুল হোসেন ও সাইফুল ইসলাম নামে আ.লীগের আরো দুই কর্মীকে মারধর করে।
পরে পুনট বাজারে এ খবর ছড়িয়ে পড়লে মিনফুজুরের কর্মীরা আবু বক্কর ও সালাউদ্দিন নামে দুই বিএনপি কর্মীকে বেদম মারধর করে তাদের হাত-পা ভেঙে দেয়। এরপর দুই পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মহড়া দিতে থাকে।
উদ্ভূত পরিস্থিতিতে বেলা ২টার দিকে জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ ও র্যাব তলব করা হয়। এ সময় পুলিশ ও র্যাব সদস্যরা উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া আ.লীগ কর্মীদের লাঠিচার্চ করে হটিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে কালাই থানার ওসি মোখলেছুর রহমান আহত হন।
আ.লীগ দাবি করেছে, পুলিশ বিনা কারণে নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি ছুড়েছে। এতে ১১ নেতাকর্মী আহত হয়েছেন।
পুলিশ সুপার মোজাম্মেল হক রাবার বুলেট ছোড়ার সত্যতা স্বীকার করে বলেন, আত্মরক্ষার্থে পুলিশ রাবার বুলেট ছুড়েছে। তবে পুলিশ কত রাউন্ড রাবার বুলেট ছুড়েছে- এর সঠিক তথ্য জানাতে পারেননি তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। কালাই ও পুনট বাজারে বিপুল সংখ্যক র্যাব-পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/২১৫৫ ঘ.
bdnews24