চট্টগ্রাম, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেব্র“য়ারি থেকে চট্টগ্রাম কাস্টমস হাউজে বিকল্প বিরোধ নিষ্পত্তি শুরু হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান বৃহস্পতিবার বলেন, “বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য চট্টগ্রাম কাস্টমস হাউসকে বেছে নেওয়া হয়েছে। ফেব্র“য়ারির তৃতীয় সপ্তাহ থেকে এ কার্যক্রম শুরু হবে।”
দেশের অন্যান্য কাস্টমস হাউজের চেয়ে চট্টগ্রাম কাস্টমস হাউজ আয় ও সেবায় এগিয়ে থাকায় একে বেছে নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
দুপুরে চট্টগ্রাম কাস্টমস হাউজে ‘বিশ্ব শুল্ক দিবস’ উপলক্ষে আয়োজিত সেমিনারে কথা বলছিলেন এনবিআর-প্রধান।
‘দেশের শুল্কায়ন কার্যক্রমে অটোমেশনের ভূমিকা ও বাস্তবায়ন’ শিরোনামের সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার সৈয়দ মুসফিকুর রহমান।
বিশ্ব শুল্ক দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই নানা কর্মসূচি পালন করে চট্টগ্রাম কাস্টমস হাউজ। সকাল সাড়ে ৭টায় হাউজের সামনে থেকে শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মসূচি উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান।
দুপুর ৩টায় তিনি চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটেরর ওয়েবসাইট উদ্বোধন করেন।
সন্ধ্যায় গত অর্থবছরে সর্বোচ্চ রাজস্ব দেওয়া পাঁচটি সরকারি ও পাঁচটি বেসরকারি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/পিডি/২১৩১ ঘ.
bdnews24