ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) পদকে সিনিয়র সচিবের পদমর্যাদায় উন্নীত করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ অধিশাখা-৩ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
এতে বলা হয়, প্রধানমন্ত্রীর অনুমোদন এবং অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মঞ্জুরি সাপেক্ষে আইজিপি’র পদকে ৪২ হাজার টাকার নির্ধারিত বেতন স্কেলের সিনিয়র সচিবের পদমর্যাদায় উন্নীত করা হল।
আদেশ জারির পর থেকেই আইজিপি সিনিয়র সচিবের পদমর্যাদা ভোগ করবেন বলে বলা হয় বিজ্ঞপ্তিতে।
এর আগে আইজিপি’র পদটি সচিবের পদমর্যাদায় অধিভূক্ত ছিল। কিন্তু পুলিশ বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকায় আইজিপি সচিবের অধীনে ছিলেন।
এছাড়া প্রশাসনের আট সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দেওয়া হয়। তারা যে মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, সেখানেই সিনিয়র সচিবের পদমর্যাদা ভোগ করবেন।
অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মঞ্জুরি অনুযায়ী, সিনিয়র সচিবরা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং সচিবের মাঝামাঝি পর্যায়ে ৪২ হাজার টাকা বেতন স্কেল ভোগ করবেন। বর্তমান বেতন স্কেল অনুযায়ী সচিবরা ৪০ হাজার টাকা বেতন স্কেলে কর্মরত রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমকে/আরএ/২০০২ ঘ.
bdnews24