ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আড়াই হাজার প্রযুক্তি নির্ভর আধুনিক ডাকঘর নির্মাণের কাজ মার্চে শুরু হচ্ছে বলে জানিয়েছেন ডাক বিভাগের পরিচালক (পরিকল্পনা) আব্দুল্লাহ আল মাহবুবুর রশীদ।
বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আড়াই হাজার ডাকঘরের মধ্যে গ্রামাঞ্চলে ভবন বিহীন এক হাজার ডাকঘরে দুই কক্ষবিশিষ্ট একটি করে ডাকঘর নির্মাণ করা হবে। পাশাপাশি এককক্ষ বিশিষ্ট ১৪৯২টি ডাকঘরকে সংস্কার করে দুই কক্ষে রূপান্তর করা হবে।”
এর মধ্যে একটিতে ডাকঘরের কাজ এবং অন্যটিকে ই-সেন্টারে রূপান্তর করা হবে বলে জানান তিনি।
গ্রামীণ ডাকঘরগুলোকে প্রযুক্তি নির্ভর আধুনিক তথ্য কেন্দ্রে রূপান্তরের জন্য গত বছরের ১৮ অক্টোবর ‘তথ্য প্রযুক্তি নির্ভর গ্রামীণ ডাকঘর নির্মাণ’ শীর্ষক একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদন হয়।
২০১১ সালের জুলাই থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত দুই বছর এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১১২ কোটি ২৭ লাখ ৭০ হাজার টাকা ।
মাহবুবুর রশীদ বলেন, “ই-সেন্টার বাস্তবায়নের জন্য স¤প্রতি একনেকে ‘পোস্ট ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি’ শীর্ষক আরেকটি প্রকল্প অনুমোদন হয়েছে।”
২০১১ সালের জুলাই থেকে জুন ২০১৫ পর্যন্ত চার বছর মেয়াদী এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৫১ কোটি টাকা।
ই-সেন্টারে ইন্টারনেট সুবিধাসহ ল্যাপটপ, ডেস্কটপের পাশাপাশি প্রিন্টার, স্ক্যানার, ফটো প্রিন্টার, ওয়েব ক্যাম ও ডিজিটাল ক্যামেরা থাকবে বলে জানান মাহবুবুর রশীদ।
নির্দিষ্ট ফি দিয়ে গ্রাহকরা এর সুবিধা নিতে পারবেন জানিয়েতিনি বলেন, “ই-সেন্টারগুলোর মাধ্যমে গ্রামের জনগণ ইন্টারনেট সেবা, বিদেশ থেকে আসা রেমিটেন্স গ্রহণ, ওয়েব ক্যামেরার মাধ্যমে বিদেশে থাকা স্বজনদের সঙ্গে কথা বলাসহ বিভিন্ন সুবিধা নিতে পারবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএ/১৯৩৬ ঘ.
bdnews24