২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কিবরিয়া হত্যা: থেমে আছে অধিকতর তদন্ত

সাত বছরেও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় প্রকৃত খুনিদের নাম আসেনি বলে দাবি করেছেন নিহতের পরিবারের সদস্যরা। তারা মামলাটির সুষ্ঠু ও ন্যায়বিচার দাবি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2012, 12:53 PM

Updated : 24 Aug 2022, 10:39 AM

হবিগঞ্জ, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাত বছরেও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় প্রকৃত খুনিদের নাম আসেনি বলে দাবি করেছেন নিহতের পরিবারের সদস্যরা। তারা মামলাটির সুষ্ঠু ও ন্যায়বিচার দাবি করেছেন। সাতবছর আগে হবিগঞ্জের সদর উপজেলার বৈদ্যের বাজার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গ্রেনেড হামলায় শাহ এ এম এস কিবরিয়া, তার ভাতিজা শাহ মঞ্জুরুল হুদা, স্থানীয় আওয়ামী লীগ কর্মী আব্দুর রহিম, সিদ্দিক আলী ও আবুল হোসেন নিহত হন। হামলার পরদিন ২৮ জানুয়ারি আওয়ামী লীগের জেলা সাংগঠনিক সম্পাদক ও সাংসদ আব্দুল মজিদ খান বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় একটি হত্যা ও একটি বিস্ফোরক মামলা দায়ের করেন। পরে মামলা দুটি সিআইডিতে হস্তান্তর করা হয়। এদিকে তদন্ত, পুনর্তদন্ত শেষে কিবরিয়া পরিবার ও বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটির অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছে সিলেটের একটি বিভাগীয় আদালত। প্রয়াত শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুষ্ঠুভাবে তদন্ত না হওয়ায় প্রকৃত আসামিদের নাম অভিযোগে আসেনি।” হবিগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক এমদাদুল হককে জিজ্ঞাসাবাদ করা হলে অনেক তথ্য বেরিয়ে আসবে বলে মনে করেন তিনি। রেজ কিবরিয়া বলেন, “আশাকরি আগামী ২ বছরের মধ্যে তদন্তে প্রকৃত আসামিদের নাম বেরিয়ে আসবে এবং বিচার সম্পন্ন হবে।” তদন্ত শেষে ২০০৫ সালে মার্চের শেষদিকে সিআইডি শহীদ জিয়া স্মৃতি ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতিসহ ১০ জনকে অভিযুক্ত করে আদালতে একটি অভিযোগপত্র দিলেও এতে আদালতে নারাজি আবেদন দেন বাদী আব্দুল মজিদ খান। পরে ২০০৭ সালে মামলাটি পুনর্তদন্তের জন্য আবারো সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়। সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) রফিকুল ইসলাম গত বছরের ২০ জুন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হরকাতুল জেহাদ নেতা মুফতি হান্নানসহ ১৪ জন এবং পূর্বের অভিযোগপত্রের ১০ জন সহ মোট ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। তবে এ দফায় হামলার পরিকল্পনাকারী ও মদদদাতাদের নাম না আসেনি- এমন দাবি করে কিবরিয়া পরিবার আদালতে নারাজি আবেদন করেন। ফলে এ বছরের ৫ জানুয়ারি সিলেটের একটি বিভাগীয় আদালত মামলাটির অধিকতর তদন্তের নির্দেশ দেন। গ্রেনেড হামলায় নিহত আব্দুর রহিমের স্ত্রী আছিয়া খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও তাদের খবর কেউ নেয় না। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে টাকার অভাবে ছেলে মেয়েদের পড়ালেখা করাতে পারছেন বলে দাবি করেন আছিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৮৫৪ ঘ.