বেনাপোল/আখাউড়া, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের প্রজাতন্ত্র দিবস ও সনাতন ধর্মাবলম্বীদের স্বরস্বতী পূজা এবং বাংলাদেশে সাপ্তাহিক ছুটির কারণে তিন দিনের ছুটির ফাঁদে পড়েছে বেনাপোল ও পেট্রাপোল বন্দর। এ ছাড়া আগরতলায় শ্রমিক সম্মেলনের কারণে চার দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে আখাউড়া-আগরতলা স্থলবন্দরে।
ভারতের পেট্রাপোল বন্দর সি অ্যান্ড এফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবস ও শনিবার সনাতন ধর্মাবলম্বীদের স্বরস্বতী পূজার ছুটি থাকায় দুই দিন বন্দরের কাজকর্ম বন্ধ থাকবে।”
তবে এর মাঝে রয়েছে বাংলাদেশের সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার।
বেনাপোল চেকপোষ্ট কাস্টমস কার্গো শাখার সুপার আমীর মামুন বলেন, “শুক্রবার আমাদের সাপ্তাহিক ছুটি ও শনিবার স্বরস্বতী পূজার কারণে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। রোববার সকাল থেকে পুনরায় শুরু হবে।”
এদিকে তিন দিন ছুটির পাশাপাশি আগরতলায় শ্রমিক সম্মেলন উপলক্ষে আগরতলা-আখাউড়া বন্দরে বৃহস্পতিবার থেকে চার দিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে আখাউড়া স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/১৯৩০ ঘ.
bdnews24