২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ বাস ধর্মঘট অব্যাহত

চাঁদাবাজি ও পরিবহন শ্রমিকদের হয়রানির প্রতিবাদে ঢাকা-কাপাসিয়া ও ঢাকা-কিশোরগঞ্জ রুটে দ্বিতীয় দিনের মতো বাস ধর্মঘট চলছে। ধর্মঘটের কারণে কিশোরগঞ্জ থেকে গাজীপুর হয়ে ঢাকাগামী যাত্রীরা ব্যাপক ভোগান্তিতে পড়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2012, 07:32 AM

Updated : 24 Aug 2022, 10:39 AM

গাজীপুর/কিশোরগঞ্জ, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজি ও পরিবহন শ্রমিকদের হয়রানির প্রতিবাদে ঢাকা-কাপাসিয়া ও ঢাকা-কিশোরগঞ্জ রুটে দ্বিতীয় দিনের মতো বাস ধর্মঘট চলছে। ধর্মঘটের কারণে কিশোরগঞ্জ থেকে গাজীপুর হয়ে ঢাকাগামী যাত্রীরা ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। চাঁদাবাজী ও পরিবহন শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার থেকে এই রুটে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় কয়েকটি পরিবহন মালিক-শ্রমিক সংগঠন। এ বিষয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে বৈঠকে বসেছেন পরিবহন শ্রমিক নেতারা। সকাল সাড়ে ১১টায় গাজীপুর জেলা প্রশাসক কালাম উদ্দিন তালুকদারের সভাপতিত্বে বৈঠকে মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি হাজী আবুল কালাম ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ রুটে চাঁদাবাজির বিভিন্ন ঘটনা তুলে ধরেন। জেলা প্রশাসক কামাল উদ্দিন তালুকদার সভায় চাঁদাবাজি বা পরিবহনের যে কোনো ঘটনা তদারকির জন্য গাজীপুর জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে একটি কন্টোল রুম খোলার প্রস্তাব দেন। তিনি বলেন, এ কন্টোল রুমে একটি ফোন নম্বর থাকবে যা এই রুটের সব পরিবহন মালিক-চালক-শ্রমিকদের কাছে দেওয়া হবে। কোনো অনাকাক্সিক্ষত ঘটনার খবর পেলেই জেলা প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, প্রভাতী-বনশ্রী পরিবহনের চেয়ারম্যান হাজী আব্দুল বারেক, মহাখালী সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ছাড়াও পরিবহন শ্রমিকদের বিভিন্ন সংগঠনের নেতারা সভায় অংশ নিচ্ছেন। পরিবহন শ্রমিক নেতারা জানান, এই রুটে জলসিড়ি, অনন্যা, অনন্যা ক্লাসিক, সম্রাট, প্রভাতি-বনশ্রী, এগারসিন্ধু, রাজদূত, মাদুলি ও ঢাকা-পরিবহনসহ ১৪টি পরিবহনের বাস বুধবার সকাল থেকে বন্ধ রয়েছে। কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতি ও জেলা মটরযান শ্রমিক ইউনিয়ন, মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতি, গাজীপুর সড়ক পরিবহন সমিতি, ঢাকা জেলা বাস টার্মিনাল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও গাজীপুর জেলা বাস টার্মিনাল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন একসঙ্গে অনির্দিষ্টকালের এই ধর্মঘট পালন করছে। কিশোরগঞ্জ জেলা বাস মালিক সমিতির সাবেক সহ-সভাপতি ও অনন্যা পরিবহনের পরিচালক মো. শামসুজ্জামান রানা বলেন, চাঁদাবাজি বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এ ধর্মঘট চলবে। “যাত্রীদের সাময়িক কষ্ট হচ্ছে জেনেও ভবিষ্যতে যাত্রী ও পরিবহন শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে”, বলেন তিনি। কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি শাহজাহান লস্কর বলেন, সরকার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করলেই ধর্মঘট প্রত্যাহার করা হবে। কাপাসিয়ার পরিবহন শ্রমিক নেতা আব্দুল কাদির ফকির জানান, ধর্মঘটের কারণে গাজীপুরের যাত্রীদের ময়মনসিংহ হয়ে কিংবা ঢাকার সায়েদাবাদ হয়ে কিশোরগঞ্জ যেতে হচ্ছে। আর কাপাসিয়ার যাত্রীরা শ্রীপুর ও কালীগঞ্জ হয়ে গন্তব্যে যাচ্ছেন। এতে অতিরিক্ত সময়ের সঙ্গে খরচও হচ্ছে বেশি। আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী সাংবাদিকদের বলেন, গাজীপুরের রাজাবাড়ি, ধলাদিয়া, রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-কাপাসিয়া ও ঢাকা-কিশোরগঞ্জ রুটের বাস মালিক-চালক-শ্রমিকরা দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছেন। এ বিষয়ে বহুবার প্রশাসনকে জানানো হলেও পুলিশ প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো পরিবহন শ্রমিকদের হয়রানি করছে। তিনি জানান, মহাখালী বাস টার্মিনালে মালিক ও শ্রমিকদের যৌথ সভার পর গত বৃহস্পতিবার ৫দিনের আল্টিমেটাম দেওয়ার পরও কাজ না হওয়ায় এই ধর্মঘট করতে হচ্ছে তাদের। অবশ্য চাঁদাবাজির কোনো অভিযোগ পাওয়ার কথা অস্বীকার করেছেন শ্রীপুর থানার ওসি মো. আক্তারুজ্জামান। তার দাবি, ছোটখাটো কিছু সমস্যা হলেও তা সাথে সাথেই মিটিয়ে ফেলা হয়েছে। ওই রুটে পর্যাপ্ত টহল পুলিশও রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৩২০ ঘ.