ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্তে বাংলাদেশিদের ওপর বিএসএফ’র নির্যাতন নিয়ে রাষ্ট্র চিন্তিত নয় বলে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের করা মন্তব্যে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে একটি নাগরিক সংগঠন।
নাগরিক আন্দোলন নামে নবগঠিত ওই সংগঠনের পক্ষ থেকে সীমান্তে হত্যা ও নির্যাতন বন্ধে ভারতের ওপর চাপ প্রয়োগে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
গত ২১ জানুয়ারি স্থানীয় সরকারমন্ত্রী ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘সীমান্তের এসব ঘটনা অতীতে ঘটেছে, বর্তমানে ঘটছে এবং ভবিষ্যতেও ঘটবে। এ নিয়ে রাষ্ট্র চিন্তিত নয়।”
“মন্ত্রীর বক্তব্য এ দেশের মানুষের রাজনৈতিক অনুভূতিকে প্রতিনিধিত্ব করে না। এর মধ্য দিয়ে তার সরকারের নতজানু পররাষ্ট্র নীতির এক লজ্জাজনক অভিপ্রকাশ ঘটেছে। আমরা এই দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ জানাচ্ছি,” বুধবার নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিক-উল হক ও সদস্য সচিব নূরুল কবীর এক যৌথ বিবৃতিতে এ কথা বলেন।
ভারত সরকারের সমালোচনা করে তারা বলেন, ভারতীয় সরকার একদিকে সীমান্ত হত্যাযজ্ঞ বন্ধ করার জন্য বাংলাদেশকে নানা প্রতিশ্র“তি দিয়েছে, অন্যদিকে সীমান্তে বাংলাদেশিদের হত্যা ও নিপীড়ন অব্যাহত রেখেছে।
ঢাকার বিভিন্ন মানবাধিকার সংস্থার হিসাব তুলে ধরে বিবৃতিতে বলা হয়, গত এক দশকে বিএসএফ-এর হাতে এক হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিক নিহত হয়। একই সময়ে বিএসএফের গুলিতে আহত হয় হয় ৯৮৭ জন, অপহৃত হয় অন্তত এক হাজার মানুষ এবং নিখোঁজ হয় দুই শতাধিক বাংলাদেশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএইচ/পিডি/০০২৯ ঘ.
bdnews24