ময়মনসিংহ, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের গৌরীপুরে একটি লোকাল ট্রেনে ডাকাতির পর বিক্ষুব্ধ যাত্রীরা একটি বগিতে আগুন দিয়েছে।
এ ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল সামাদকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার বিকালে তাকে প্রত্যাহার করা হয় বলে জানান রেলওয়ের ময়মনসিংহ থানার (জিআরপি) ওসি দেলোয়ার হোসেন।
এই ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ একটি মামলা এবং চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
মঙ্গলবার রাতে জারিয়া ঝাঞ্জাইল থেকে ময়মনসিংহগামী ২৭৫ আপ ট্রেনে ডাকাতির ঘটনা ঘটে।
ওসি দেলোয়ার হোসেন বলেন, ডাকাতি ও আগুন লাগানোর ঘটনায় বিকাল পৌনে ৫টায় ট্রেনের গার্ড রোকন উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করে জিআরপি থানায় একটি মামলা দায়ের করেছেন।
ময়মনসিংহ রেল স্টেশানের সুপারিনটেনডেন্ট আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা মজিবুর রহমানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য তিন সদস্য হলেন- রেলওয়ের সহকারী যান্ত্রিক প্রকৌশলী আবুল কাসেম, নিরাপত্তা শাখার সহকারী কমান্ডেন্ট নজমুল নেওয়াজ ও সহকারী নির্বাহী প্রকৌশলী মো. হামিদুর রহমান।
ডাকাতি হওয়া ট্রেনের গার্ড রোকন উদ্দিন জানান, ট্রেনটি রাত ৯টার দিকে শ্যামগঞ্জ রেলওয়ে জংশন ছাড়ার পরপরই ৮/১০ জন ডাকাত অস্ত্রের মুখে চার নম্বর বগির যাত্রীদের জিম্মি করে। বগিতে থাকা ৬০/৭০জন যাত্রীর কাছ থেকে মোবাইল ফোন সেট, টাকা ও মহিলাদের গহনাসহ বিভিন্ন মালামাল লুট করে চলন্ত ট্রেন থেকে নেমে যায়।
ওই সময় চিৎকার করলে ডাকাতরা ১০ যাত্রীকে ছুরিকাঘাত করে।
ডাকাতির পর ট্রেনটি রাত ১০টার দিকে শম্ভুগঞ্জ রেল স্টেশনে পৌঁছলে বিক্ষুব্ধ যাত্রীরা একটি বগিতে আগুন ধরিয়ে দেয়। পরে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
যাত্রীদের অভিযোগ, ট্রেনের বগিতে বাতি ও নিরাপত্তারক্ষী না থাকায় প্রায়ই এ রেলপথে ডাকাতি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৩৩ ঘ.
bdnews24