২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরের সঙ্গে উত্তরের ১২ জেলার বাস চলাচল বন্ধ

নাটোরের এক যুবলীগ নেতার বাস চলাচল নিয়ে বিরোধের জেরে বুধবার থেকে নাটোরের সঙ্গে উত্তরাঞ্চলের জেলাগুলোর বাস চলাচল বন্ধ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2012, 01:15 PM

Updated : 24 Aug 2022, 10:39 AM

নাটোর, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের এক যুবলীগ নেতার বাস চলাচল নিয়ে বিরোধের জেরে বুধবার থেকে নাটোরের সঙ্গে উত্তরাঞ্চলের জেলাগুলোর বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এতে হাজার হাজার যাত্রীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। নাটোর বাস মালিক সমিতির নেতারা বলেন, নাটোর সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগ সম্পাদক শফিকুল ইসলাম শিমুলের মালিকানাধীন ‘সামির চয়েস’ নামের একটি বাস নাটোর ও সৈয়দপুরের মধ্যে চলাচল করতো। কিন্তু স¤প্রতি সৈয়দপুর বাস মালিক সমিতি বাসটি চলাচল করতে দিচ্ছে না। এ নিয়ে নাটোর ও সৈয়দপুর বাস মালিক সমিতির মধ্যে বেশকিছু চিঠি চালাচালি হলেও বাসটি চালু করা যায়নি। এর জেরে নাটোর জেলা বাস মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক ও ওই বাসের মালিক শফিকুল ইসলামের লোকজন বুধবার সকাল থেকে বগুড়া, সৈয়দপুরসহ ১২টি জেলার বাস নাটোরের ওপর দিয়ে চলতে দিচ্ছে না। ফলে সমগ্র উত্তরাঞ্চলের সঙ্গে নাটোরের বাস চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বুধবার দুপুরে সিংড়া শহরের কলেজ শিক্ষক আব্দুস সালাম বলেন, কোনো ঘোষণা ছাড়াই সব বাস হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় তিনি তার অসুস্থ ভাইকে নিয়ে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে যেতে পারেননি। পরে তাকে ঢাকায় নিয়ে যেতে বাধ্য হয়েছেন। সৈয়দপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বলেন, “আমাদের সৈয়দপুরের ‘মানিক পরিবহন’ নামের একটিমাত্র বাস নাটোর হয়ে রাজশাহী চলাচল করতো। সেটি গত কয়েক মাস ধরে নাটোর বাস মালিক সমিতি চলাচল করতে দিচ্ছে না। তাই আমরা নাটোরের গাড়ি চলতে দিচ্ছি না। বগুড়া জেলা বাস মালিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান ডিউক বলেন, “নাটোরের সঙ্গে গন্ডগোল হয়েছে সৈয়দপুরের। আমরা তো কোনো অপরাধ করিনি। অথচ নাটোরের যুবলীগ নেতা শফিকুল ইসলাম শিমুল আমাদেরসহ কয়েকটি জেলার বাস মালিক ও যাত্রীদের হয়রানি করছেন। এটা তো মগের মুল্লুক হয়ে গেল। আমরা এর সুবিচার চাচ্ছি।” নাটোর জেলা বাস মালিক সমিতির আহ্বায়ক জামিলুর রহমান কবির বলেন, “সমস্যাটি নিয়ে আমরা ইতিপূর্বে অনেক আলোচনা করেছি। সৈয়দপুরের মালিকদের একগুয়েমির কারণে সমাধান হয়নি। তবে খুব শিগগিরই আমরা এ ব্যাপারে সমাধানে আসতে পারবো বলে মনে করছি।” এ ব্যাপারে সামির চয়েস বাসের মালিক যুবলীগ নেতা শফিকুল ইসলাম শিমুল বলেন, “সৈয়দপুরের মালিক সমিতির লোকজন আমাদের গাড়ির সুপারভাইজারের কাছ থেকে টাকাপয়সা কেড়ে নিয়ে মারধর করেছে। এ ব্যাপারে আমরা বগুড়া সমিতির সহযোগিতা চেয়ে পাইনি। তাদের যোগসাজসে এসব হচ্ছে বলে আমরা মনে করি। “তাছাড়া আমরা তো তাদের গাড়ি চলতে বাধা দেইনি। তারাই গাড়ি নিয়ে আমাদের সীমানার মধ্যে ঢুকছে না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০০ ঘ.