সিলেট, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাংচুরের ঘটনায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) কর্তৃপক্ষের দায়ের করা মামলায় জামিন পেয়েছেন ৩৬ শিক্ষার্থী।
বুধবার দুপুরে তারা সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিন চাইলে হাকিম আবু সৈয়দ মো. দিলজার হোসেন তা মঞ্জুর করেন।
শিক্ষার্থীদের আইনজীবী অ্যাডভোকেট রনজিত সরকার জানান, গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয় এলাকায় ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রক্টর ড. আনোয়ার হোসেন বাদী হয়ে শাহপরান থানায় এ মামলা করেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদের পঞ্চদশ ব্যাচের ফল প্রকাশের পর দেখা যায় ৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১৮ জন কৃতকার্য হয়েছে। অকৃতকার্য শিক্ষার্থীরা এই ফল পুনর্মূল্যায়নের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে ভাংচুর করে।
হামলা ও ভাংচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার সন্ধ্যায় তিন শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিস্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে ফল পুনর্মূল্যায়ন ও সেমিস্টার পদ্ধতি সংস্কারের দাবিতে গত রোববার থেকে ছাত্র ধর্মঘট চলছে এ বিশ্ববিদ্যালয়ে। ধর্মঘটের কারণে বুধবারও কোনো ক্লাস-পরীক্ষা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৮০৫ ঘ.
bdnews24