বাগেরহাট, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রীকে মারধরের অভিযোগে গ্রেপ্তার নাজমুল হক আকন নামে এক আসামি বাগেরহাটের শরণখোলা থানা হাজত থেকে পালিয়ে গেছে।
শরণখোলা থানার ওসি আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার ভোরে টয়লেটে নিয়ে যাওয়ার সময় নাজমুল দায়িত্বরত কনস্টেবল আব্দুল কাইউমকে ফাঁকি দিয়ে দৌঁড়ে পালিয়ে যায়।
নারী ও শিশু নির্যাতন দমন ও যৌতুক আইনে দায়ের করা একটি মামলায় মঙ্গলবার নাজমুলকে গ্রেপ্তার করে শরণখোলা থানার পুলিশ।
নাজমুল (৩২) উপজেলার ধানসাগর ইউনিয়নের আব্দুল খালেক আকনের ছেলে।
ধানসাগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মহিউদ্দিন খান সাংবাদিকদের জানান, গ্রামের রাস্তার ওপর স্ত্রীকে মারধর করার অভিযোগে স্থানীয় গ্রামবাসী মঙ্গলবার দুপুরে নাজমুলকে ধরে পুলিশে সোপর্দ করে। সন্ধ্যায় তার স্ত্রী ফয়জুন আক্তার স্বামী ও শ্বশুরসহ চার জনের বিরুদ্ধে মামলা করে।
বুধবার নাজমুলকে আদালতে পাঠানোর কথা ছিল। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫১১ ঘ.
bdnews24