২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে ১৪৪ ধারা জারি

একই সময়ে একই স্থানে যুবদলের দুই পক্ষ সভা ডাকায় নড়াইল সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2012, 09:02 AM

Updated : 24 Aug 2022, 10:39 AM

নড়াইল, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই সময়ে একই স্থানে যুবদলের দুই পক্ষ সভা ডাকায় নড়াইল সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। বুধবার নড়াইল শহরের চৌরাস্তায় অবস্থিত বিএনপি দলীয় কার্যালয়ের সামনে বেলা ১১টায় সমাবেশ ডাকে যুবদলের দুই পক্ষ। এজন্য যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে বুধবার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সেখানে এ নিষেধাজ্ঞা বজায় থাকবে বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার হাসনাত তারিক। নড়াইল সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলা যুবদলের নবগঠিত কমিটির সংবর্ধনা উপলক্ষে বুধবার বেলা ১১টায় দলের সভাপতি মশিয়ার রহমান শহরের চৌরাস্তায় বিএনপির কার্যালয়ের সামনে সভা ডাকে। একইসময়ে একই স্থানে যুবদল নেতা কামরুজ্জামানের নেতৃত্বে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ওসি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় শহরের চৌরাস্তা এলাকার ২০০ মিটারের মধ্যে সব ধরনের সভা, সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪৪৭ ঘ.