গাজীপুর, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজি ও পরিবহন শ্রমিকদের হয়রানির প্রতিবাদে ঢাকা-কাপাসিয়া ও ঢাকা-কিশোরগঞ্জ রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু করেছে পরিবহন শ্রমিকরা।
পরিবহন শ্রমিক নেতারা জানান, এই রুটে জলসিড়ি, অনন্যা, অনন্যা ক্লাসিক, সম্রাট, প্রভাতি-বনশ্রী, এগারসিন্ধু, রাজদূত, মাদুলি ও ঢাকা-পরিবহনসহ ১৪টি পরিবহনের বাস বুধবার সকাল থেকে বন্ধ রয়েছে।
কিশোরগঞ্জ জেলা বাস মালিক সমিতির সাবেক সহ-সভাপতি ও অনন্যা পরিবহনের পরিচালক মো. শামসুজ্জামান রানা বলেন, চাঁদাবাজি বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এ ধর্মঘট চলবে।
“যাত্রীদের সাময়িক কষ্ট হচ্ছে জেনেও ভবিষ্যতে যাত্রী ও পরিবহন শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে”, বলেন তিনি।
কাপাসিয়ার পরিবহন শ্রমিক নেতা আব্দুল কাদির ফকির জানান, ধর্মঘটের কারণে গাজীপুরের যাত্রীদের ময়মনসিংহ হয়ে কিংবা ঢাকার সায়েদাবাদ হয়ে কিশোরগঞ্জ যেতে হচ্ছে। আর কাপাসিয়ার যাত্রীরা শ্রীপুর ও কালীগঞ্জ হয়ে গন্তব্যে যাচ্ছেন। এতে অতিরিক্ত সময়ের সঙ্গে খরচও হচ্ছে বেশি।
আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী সাংবাদিকদের বলেনন, গাজীপুরের রাজাবাড়ি, ধলাদিয়া, রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-কাপাসিয়া ও ঢাকা-কিশোরগঞ্জ রুটের যাত্রীবাহী বাসের মালিক-চালক-শ্রমিকরা দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছেন। এ বিষয়ে বহুবার প্রশাসনকে জানানো হলেও পুলিশ প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো পরিবহন শ্রমিকদের হয়রানি করছে।
তিনি জানান, মহাখালী বাস টার্মিনালে মালিক ও শ্রমিকদের যৌথ সভার পর গত বৃহস্পতিবার ৫দিনের আল্টিমেটাম দেওয়ার পরও কাজ না হওয়ায় এই ধর্মঘট করতে হচ্ছে তাদের।
অবশ্য চাঁদাবাজির কোনো অভিযোগ পাওয়ার কথা অস্বীকার করেছেন শ্রীপুর থানার ওসি মো. আক্তারুজ্জামান। তার দাবি, ছোটখাটো কিছু সমস্যা হলেও তা সাথে সাথেই মিটিয়ে ফেলা হয়েছে। ওই রুটে পর্যাপ্ত টহল পুলিশও রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১২৩০ ঘ.
bdnews24