২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে চা বাগানে কর্মবিরতি

ব্যবস্থাপকের অপসারণের দাবিতে মঙ্গলবার সকাল থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দু’টি চা বাগানের শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2012, 05:43 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

মৌলভীবাজার, জানুয়ারী ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবস্থাপকের অপসারণের দাবিতে মঙ্গলবার সকাল থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দু’টি চা বাগানের শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে। এগুলো হল ফিনলে টি কাম্পানির মালিকানাধীন জাগছড়া ও সোনাছড়া চা বাগান। এ দু’টি বাগান একই প্রশাসনের অধীনে পরিচালিত হয়। বিক্ষুব্ধ শ্রমিকরা বাগানের ব্যবস্থাপকের কার্যালয়ে ভাংচুরও চালিয়েছে। শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকদিন আগে জাগছড়া বাগানের একটি পতিত জমিতে ওই বাগানের শ্রমিক ও স্থানীয় ইউপি সদস্য পরেশ কালিন্দি বাঁশ, লেবু, কলা গাছের চারা লাগান। বাগানের ব্যবস্থাপক জাবেদ আশরাফ ও সহকারী ব্যবস্থাপক গোলাম ফারুক গত দু’দিনে শ্রমিকদের দিয়ে এগুলো উপড়ে ফেলেন। এ কারণে শ্রমিকরা কর্মবিরতি ঘোষণা করে ব্যবস্থাপকের বাংলোতে ভাংচুর চালায়। কালিঘাট ইউনিয়নের সদস্য পরেশ কালিন্দি অভিযোগ করেন, বসবাসের অনুপযোগী ঘর মেরামত না করে দেওয়া ও অস্থায়ী শ্রমিকদের দৈনিক মজুরি ৩৫ টাকার পরিবর্তে নিয়মিত শ্রমিকদের সমান ৪৮ টাকা করে দেওয়ার জন্য দীর্ঘদিন থেকে দাবি আসছিল শ্রমিকরা। এছাড়া গাছ উপড়ে ফেলায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে এ কর্মবিরতির ডাক দেয়। ব্যবস্থাপক ও সহকারী ব্যবস্থাপককে অপসারণ না করা পর্যন্ত এ কর্মবিরতি চলবে, বলেন পরেশ। ফিনলে টি কোম্পানির মহাব্যবস্থাপক (জিএম) নজরুল তাহের অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাছগুলো লাগিয়ে পরেশ কালিন্দি বাগানের জমি দখল করে নেন। এটি শ্রম আইন বিরোধী হওয়ায় গাছগুলো অপসারণ করা হয়। এর জেরে শ্রমিকরা ব্যবস্থাপকের ওপর ক্ষিপ্ত হয়ে হামলা করে। দু’টি চা বাগানে প্রায় সাড়ে ৩ হাজার শ্রমিক রয়েছেন। এদের মধ্যে নিয়মিত শ্রমিক আছেন ৯১০ জন। বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২৩২৭ ঘ.